২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ ক্রিকেটার

তাসকিন, রিশাদ ও নাহিদ  © সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে বাংলাদেশের তিন ক্রিকেটার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন জায়গা পেয়েছেন। সব মিলিয়ে লাল-সবুজের ১০ ক্রিকেটার চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২৩ দেশের ৪ শতাধিক ক্রিকেটারকে নিয়ে নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইএলটি-টোয়েন্টি কর্তৃপক্ষ। পারিশ্রমিকের ভিত্তিতে ক্রিকেটারদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ৮০ হাজার মার্কিন ডলার। পরের দুই ক্যাটাগরির ভিত্তিমূল্য যথাক্রমে ৪০ হাজার ও ১০ হাজার ডলার।

৮০ হাজার ডলারের সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা নাহিদ রানা ও রিশাদ হোসেন এবারই প্রথম আইএলটি-টোয়েন্টিতে খেলার সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন। অন্যদিকে তাসকিনের এই লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। গত আসরে শারজাহ ওয়ারিয়র্জের হয়ে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। তবে নতুন মৌসুম শুরুর আগে তাসকিনকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাদেশের আরও ৪ ক্রিকেটার ৪০ হাজার ডলারের দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন। তারা হলেন পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম, অলরাউন্ডার সাকিব আল হাসান এবং টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

১০ হাজার ডলারের তৃতীয় ও সর্বনিম্ন ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও তানজিম হাসান আছেন।

গত আসরে রানার্সআপ এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচ খেলেছিলেন সাকিব। ব্যাট হাতে ১১৫ রানের পাশাপাশি তিন উইকেট শিকার করেছিলেন এই স্পিনার।

তবে নিলামের আগেই আরেক পেসার মুস্তাফিজুর রহমান জায়গা নিশ্চিত করেছেন। আগামী মৌসুমের জন্য তাকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। গত আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।

আগামী ১ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলাম। আর টুর্নামেন্টের মাঠের লড়াই শুরু হবে ২২ নভেম্বর, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।