২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১০

‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন

বিসিবি  © সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্টের কাঠামো চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটকে একই কাঠামোর আওতায় এনে নতুন এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘ডমেস্টিক থ্রি’।

গত রবিবার ‘ডি থ্রি’ ট্রফির ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হয়। আজ (২৯ সেপ্টেম্বর) ম্যানেজমেন্ট ড্রাফট অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৬টি দলই পর্যায়ক্রমে তাদের প্রধান কোচ বেছে নেয়। এরপর প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে সহকারী কোচও দলে নিয়েছে।

এদিকে প্রধান কোচ নেওয়ার ড্রাফটে প্রথম সুযোগ পায় ব্লু-স্টার। তারা প্রধান কোচ হিসেবে সোহেল ইসলামকে দলে ভেড়ায়। এরপর একমি গ্রুপ তাদের কোচ হিসেবে রাজিন সালেহকে বেছে নেয়।

তৃতীয় ডাক পাওয়া সিটিজেন গ্রুপ প্রধান কোচ হিসেবে মিজানুর রহমান বাবুলকে দলে নেয়। এরপর অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দলে ভেড়ায় ফরচুন গ্রুপ।

পঞ্চম দল হিসেবে সেভেন রিংস সিমেন্ট তাদের প্রধান কোচ হিসেবে তালহা জুবায়েরকে বেছে নেয়। সবশেষে প্রধান কোচ হিসেবে সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ আব্দুর রাজ্জাককে দলে নেয় ওয়ালটন গ্রুপ।

একনজরে সহকারী কোচের তালিকা:

ব্লু-স্টার: সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল, আশিক মজুমদার। 

ওয়ালটন: তুষার ইমরান, ডলার মাহমুদ।

সিটিজেন ব্যাংক: নাজমুল হোসেন, মোহাম্মদ সেলিম।

একমি: তারেক আজিজ খান, ফয়সাল হোসেন ডিকেন্স।

ফরচুন: মোহাম্মদ আশরাফুল, আব্দুল কাইয়ুম জুয়েল।

সেভেন রিংস: হান্নান সরকার, হুমায়ন কবির শাহিন।