২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

এশিয়ান গেমসে বাংলাদেশ দল   © সংগৃহীত

বৃষ্টির কারণে কোনো ম্যাচ না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ানোর কয়েক ঘণ্টা আগে বাতিল হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পেয়েছে লিটন দাসের দল। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

বাংলাদেশ সময় আজ সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলার কথা ছিল বাংলাদেশের। তবে মাঠের অবস্থা অনুকূলে না থাকায় ম্যাচটি শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বাতিল করা হয়।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।’

বৃষ্টির কারণে গতকাল প্রথম দুই কোয়ার্টার ফাইনালও অনুষ্ঠিত হয়নি। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেখান থেকে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান ও ভারত। পরে আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিও পরিত্যক্ত হয়। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা।

আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা।

তবে বৃষ্টির কারণে সেমিফাইনাল নিয়েও শঙ্কা রয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচটি মাঠে না গড়ালে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে পাকিস্তানের র‍্যাঙ্কিং বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকায় জয় পাবে তারা। তখন ব্রোঞ্জ পদকের জন্য খেলতে হবে বাংলাদেশকে।

আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের পদকের লড়াই। সেদিন দুই সেমিফাইনালের পরাজিত দল ব্রোঞ্জের জন্য এবং জয়ী দুই দল স্বর্ণের জন্য লড়বে।

এর আগে বৃষ্টির কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোয়ার্টার ফাইনালও পরিত্যক্ত হয়েছিল। চীনের বিপক্ষে ম্যাচটি মাঠে না গড়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে উঠেছিল জ্যোতির দল।