তৃতীয় বিভাগে বয়সের কড়াকড়ি বিসিবির, ম্যাচ পাতানো ঠেকাতেও কঠোরতা
ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট কোয়ালিফায়ার টুর্নামেন্টে বয়সসীমা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সর্বোচ্চ ২৫ বছর বয়সী ক্রিকেটাররা ঘরোয়া এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন।
মূলত গত মৌসুমে বয়স বেশি এমন বেশ কয়েকজন ক্রিকেটারের অংশগ্রহণ নিয়ে সমালোচনা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে এবার বয়সের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিডিএম চেয়ারম্যান সিসিডিএম চেয়ারম্যান মঈনউদ্দিন চৌধুরী জানান, এবারের আসরে ২৫ বছরের বেশি বয়সী কোনো ক্রিকেটারকে খেলার অনুমতি দেওয়া হবে না।
মঈনউদ্দিন বলেন, ‘আমাদের যারা এখন আছে, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর করে দিয়েছি। ২৫-এর বেশি একজনও এখানে খেলতে পারছে না।’
এদিকে এবারের তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার থেকে পরবর্তী ধাপে উঠবে দুটি দল। তবে অতীতে এই ধরনের টুর্নামেন্টে ম্যাচ পাতানোসহ নানা অভিযোগ উঠেছিল। এসব অনিয়ম ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে প্রসঙ্গে সিসিডিএম চেয়ারম্যান জানান, সংশ্লিষ্ট সব বিভাগ ও আম্পায়ারদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
তিনি বলেন, ‘সব ধরনের প্রোটেকশন আমরা নিয়েছি। আপনারা নিজেরাই ওই খেলাগুলো দেখতে যাবেন, নিজেরা গিয়ে অবজার্ভ করবেন। আমরা কীভাবে প্রোটেকশন নিয়েছি, সেখানে গেলে দেখতে পারবেন। আম্পায়ারদের সঙ্গে আমাদের কথা হয়েছে। প্রতিটি ডিপার্টমেন্ট, যারা এই খেলার সঙ্গে জড়িত, সবার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা সবাই সিরিয়াস যে এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আম্পায়াররাও খুবই সিরিয়াস।’
টুর্নামেন্টে কোনো ধরনের প্রভাব খাটানোর সুযোগ থাকবে না বলেও স্পষ্ট করেছেন মঈনউদ্দিন। তার ভাষ্যমতে, ‘এখানে কোনো রকমের কারও ইনফ্লুয়েন্স, কোনো বড় বড় লোকের ইনফ্লুয়েন্স হবে; এরকম কোনো সুযোগ নেই। কোনো সুযোগ দেব না আমরা, ইনশাল্লাহ। ১০০ পারসেন্ট ফেয়ারলি খেলা হবে।’
অন্যদিকে ঢাকা প্রিমিয়ার লিগে কয়েকটি ক্লাবের ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ নিয়েও কথা বলেন সিসিডিএম চেয়ারম্যান। তবে খেলোয়াড়দের পাওনা-সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা বাড়াতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মঈনউদ্দিন বলেন, ‘সিসিডিএম হলো খেলাটাকে অর্গানাইজ করার জন্য। প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন—এগুলো আমরা অর্গানাইজ করি। এখন কোনো ক্লাব টাকা দেয়নি, সেটার ব্যাপারে আমাদের কাছে অবজেকশন এলে আমরা ক্লাবগুলোকে রিকোয়েস্ট করতে পারি এবং ওয়ার্ন করতে পারি যে আপনারা আপনাদের প্লেয়ারদের টাকা দেন। কিন্তু আমরা এর বেশি তো কোনো কিছু করতে পারি না, কারণ ক্লাবের অধীনে ওরা খেলছে।’