এশিয়ান গেমসের কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে মালয়েশিয়া। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বৃষ্টির কারণে ওমান ও মালয়েশিয়ার ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। ফলে শেষ আটে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
নিশিনে শনিবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ওমান ও মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টির কারণে ম্যাচে টসও করা সম্ভব হয়নি। পরে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে মালয়েশিয়া।
দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হংকং, চায়না। আর দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া ওমান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী, আগেই ‘বাই’ পেয়ে সরাসরি শেষ আটে জায়গা করে নিয়েছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। ফরম্যাট অনুযায়ী, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর একই গ্রুপের রানার্সআপ হংকং, চায়নার মুখোমুখি হবে পাকিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।
এদিকে শনিবার সকালে বৃষ্টির কারণে নেপাল ও জাপানের ম্যাচও পরিত্যক্ত হয়েছে। ফলে বিদায় নিয়েছে জাপান। কোয়ার্টার-ফাইনালে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তান খেলবে ভারতের বিপক্ষে।
নিশিনে মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টায় চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন ভোর ৬টায় মাঠে নামবে নেপাল ও শ্রীলঙ্কা।
এর আগে সোমবার ভোরে প্রথম কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও হংকং। পরে বেলা ১১টায় খেলবে ভারত ও আফগানিস্তান।