পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে। এবার টি-টোয়েন্টি দলের নেতৃত্বেও আসছে পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ওপেনার সাহিবজাদা ফারহান। বৃহস্পতিবার একাধিক সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম।
সম্প্রতি এশিয়ান গেমসে পাকিস্তান দলের নেতৃত্ব দেওয়া হয়েছে ফারহানকে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তাকে অধিনায়ক হিসেবে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনও সালমান আলী আগার পরিবর্তে ফারহানকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে দেখতে চান বলে সূত্রগুলো জানিয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী খেলোয়াড়ের পুল গড়ে তোলাই দলটির ম্যানেজমেন্টের অন্যতম লক্ষ্য।
এদিকে আসন্ন সিরিজে অভিজ্ঞ তিন ক্রিকেটার ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের ফেরার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে সূত্রগুলো।
রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৯, ১১ ও ১৩ অক্টোবর।