পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ, দল ঘোষণা বাংলাদেশের
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আজ এই সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় এই সিরিজ। প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
সিরিজে অংশ নিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা আগামী ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবে। সেখানে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে।
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: অরিত্রি নির্জনা মণ্ডল, মাইমুনা নাহের, অচেনা জান্নাত ইমান্তা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), সাদিয়া আক্তার, বিবি আয়েশা, শিরিনা খাতুন, ফানিহা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি (সহ-অধিনায়ক), তিথি দাস অপর্ণা, আফরিন মিম, ফারজানা ইয়াসমিম মেধা, অদ্রিতা নওশিন, শ্রাবণী শীল, জান্নাতুল ফেরদৌসি।
একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি:
২ অক্টোবর - পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
৫ অক্টোবর - শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
৬ অক্টোবর - পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
৮ অক্টোবর - বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯
১১ অক্টোবর - পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
১৪ অক্টোবর - শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
ফাইনাল- ১৬ অক্টোবর।