২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৮

সাব্বির রহমানের জাতীয় দলে ফেরা নিয়ে যা বলছেন লিটন

সাব্বির রহমান ও লিটন দাস  © সংগৃহীত

জনপ্রিয়তার বিচারে দেশের শীর্ষ ক্রিকেটারদের তালিকায় সাব্বির রহমানের নাম এখনও অনায়াসে রাখা যায়। ৩৪ বছর বয়সেও জাতীয় দলের জার্সিতে এই মারকুটে ব্যাটারকে দেখতে চান অনেক সমর্থক। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করে সাব্বিরও আবারও ঢুকে পড়েছেন জাতীয় দলের নির্বাচকদের ভাবনায়।

তবে এখনই তার জন্য জাতীয় দলের দরজা খুলছে না। টপ এন্ড টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর ধারণা করা হয়েছিল, এশিয়ান গেমসের দলে হয়তো সুযোগ মিলবে সাব্বিরের। কিন্তু পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় শেষ পর্যন্ত সেই দলে জায়গা হয়নি তার।

যদিও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের কথায় পরিষ্কার, এখনও নির্বাচকদের রাডারে আছেন সাব্বির। নিচের দিকে ব্যাটিংয়ের জায়গাগুলো উন্মুক্ত থাকায় পারফরম্যান্সের ভিত্তিতেই দল নির্বাচন করা হবে বলে জানিয়েছেন লিটন। তবে আপাতত সেই সুযোগটা বেশি পাচ্ছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি।

লিটন বলেন, “নির্বাচক, কোচ, আমার- সবার ভাবনায়ই আছে। যারা নিচের সারিতে ব্যাট করে, জায়গা ওপেন, যে ভালো করবে তারই আসার সুযোগ আছে। অনেকদিন পর রাব্বি টিমে এসেছে। জিম্বাবুয়েতে ভালো করেছে। অবশ্যই তার সুযোগ বেশি। ৫-৬ এ ব্যাট করে এমন ৩-৪ জন খেলোয়াড়ই আছে। ঘুরিয়ে-ফিরিয়ে ওদের সুযোগ দিব। যে ভালো করবে, যাকে সুউটেবল মনে হবে তাকেই খেলানোর চেষ্টা করা হবে।”

এদিকে চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার জায়গায় কে দলে আসবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে লিটন বলেন, “আমিও জানি সাইফউদ্দিন ইঞ্জুরিতে। নির্বাচকরা সিদ্ধান্ত নেবে ওর জায়গায় কে যাবে। খুবই শীঘ্রই জানিয়ে দিবেন।”

বর্তমানে দলে সাইফউদ্দিনের মতো পেস বোলিং অলরাউন্ডারের ঘাটতি রয়েছে বলেও জানিয়েছেন লিটন। তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তরুণদের মধ্য থেকে নতুন মুখ উঠে আসবে বলে আশাবাদী তিনি।

লিটনের ভাষায়, “সর্বশেষ যে ৩ জন অলরাউন্ডার খেলেছে তিনজনই ইঞ্জুরিতে। এই মুহূর্তে আমি আর কাউকে দেখছি না। হ্যাঁ, তরুণ কয়েকজন আছে। তাদের নিয়ে কোচরা কাজ করছে। আশা করি এক-দেড় বছরের মধ্যে তাদের কাছ থেকে আমরা ভালো কিছু পাব।”