২২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮
প্রথমবার বিদেশি লিগে খেলবেন রহস্যময় স্পিনার রুবেল
সর্বশেষ টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বল হাতে নজর কেড়েছিলেন মোহাম্মদ রুবেল। বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের এই রহস্য স্পিনারের এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেকের সুযোগ হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আসন্ন নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে খেলবেন রুবেল। প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি।
সাকিব আল হাসানের দল পোখারা এভেঞ্জার্সে জায়গা পেয়েছেন এই স্পিনার। এর মধ্য দিয়ে পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এনপিএলে দল পেলেন রুবেল।
এর আগে, কর্ণালি ইয়াকসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন আরিফুল ইসলাম। একই দলে ডাক পেয়েছেন জিসান আলমও।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলিও প্রথমবারের মতো এনপিএলে খেলার সুযোগ পেয়েছেন। কর্ণালি ইয়াকসের জার্সিতে মাঠে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার।