২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৯

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

মোহাম্মদ সাইফউদ্দিন  © সংগৃহীত

হ্যামস্ট্রিংয়ের চোটে ২০তম এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরবর্তীতে শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে তার চোট নিশ্চিত হয়।

ফিজিও আরও বলেন, “সুস্থ হয়ে উঠতে সাইফউদ্দিনের প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে।”

এই বিষয়টি ইতোমধ্যেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকেও (বিওএ) জানিয়েছে বিসিবি।

জানা গেছে, সাইফউদ্দিনের পরিবর্তে অন্য আরেকজন খেলোয়াড়কে দলে নেওয়া হবে। তবে বদলি খেলোয়াড়ের নাম ঘোষণার জন্য গেমস কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।