৬ দল নিয়ে ‘একের ভেতর তিন’ টুর্নামেন্টের ঘোষণা বিসিবির
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কাঠামোর আওতায় এবার আয়োজন করা হবে তিন ফরম্যাটের ক্রিকেট। আগামী ডিসেম্বরেই টি-টোয়েন্টি সংস্করণের মধ্য দিয়ে নতুন এই টুর্নামেন্টের যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভায় নতুন এই কাঠামোর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণির চার দিনের ক্রিকেট, ৫০ ওভারের লিস্ট ‘এ’ এবং লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি-তিন ফরম্যাটই একই ফ্র্যাঞ্চাইজি কাঠামোর অধীনে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেবে মোট ৬টি দল। দলগুলোর মালিকানা প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে হস্তান্তর করা হবে।
নতুন কাঠামোর প্রথম আসর হিসেবে আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট এবং ৫০ ওভারের লিস্ট ‘এ’ টুর্নামেন্ট আয়োজন করা হবে।
বর্তমানে প্রথম শ্রেণির ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পাশাপাশি চার দলের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) অনুষ্ঠিত হয়। তবে নতুন ফ্র্যাঞ্চাইজি কাঠামো চালু হলে বিসিএল আর আয়োজন করা হবে না।
বিসিবির দাবি, সমন্বিত এই উদ্যোগের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। পাশাপাশি দীর্ঘমেয়াদে জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরির পাইপলাইন শক্তিশালী করতেও নতুন কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।