২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৯

বড় দুঃসংবাদ পেল ভারত

ভারত দল   © সংগৃহীত

টানা দু'বারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও ৩-০ ব্যবধানে দাপুটে জয় পায় তারা।

তবে সেই জয়ের রেশ কাটতে না কাটতেই র‍্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। বিশ্বচ্যাম্পিয়নদের সরিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।

শনিবার রাতে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে আসে ইংলিশরা। তিন ম্যাচ সিরিজে তাদের টানা তৃতীয় জয় এটি।

এর আগে, সাউদাম্পটনে ১১৯ রান এবং কার্ডিফে ৬ উইকেটে জিতেছিল ইংল্যান্ড।

ম্যানচেস্টারে প্রথমে ব্যাট করে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে সনি বেকার, জোফ্রা আর্চার ও উইল জ্যাকস দুটি করে উইকেট নেন।

জবাবে মাত্র ১০ ওভারের মধ্যেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন জস বাটলার। শেষ পর্যন্ত ৬২ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন বাটলার।

এদিকে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে আছে ইংল্যান্ড। নিজেদের শেষ ২৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের ২৩টিতেই জয় পেয়েছে তারা। সেই ধারাবাহিক সাফল্যেই বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আবারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ইংলিশরা। গত দুই মাসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান তিনবার বদলেছে। তবে এবার আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেও সেই শীর্ষস্থান ধরে রাখতে পারেনি ভারত।