১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৭

ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারল দলও

সাকিব আল হাসান   © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে অরল্যান্ডো গ্যালাক্সির কাছে ৩৫ রানে হেরেছে আটলান্টা ফায়ার। ১৮ ওভারের ম্যাচে আগে ব্যাট করে ১৭৯ রান সংগ্রহ করে অরল্যান্ডো। জবাবে ৯ উইকেটে ১৪৪ রানের বেশি করতে পারেনি আটলান্টা।

চার্চ স্ট্রিট পার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অরল্যান্ডো। দলটির হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক ত্যাগনারায়ণ চন্দরপল। ৫৩ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৭৩ রান করেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন কিয়েরন পাওয়েল। ৩৬ বলে ৪ চার ও সমানসংখ্যক ছক্কায় ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। চন্দরপল ও পাওয়েলের ব্যাটে ভর করে নির্ধারিত ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে অরল্যান্ডো।

আটলান্টার হয়ে বোলিংয়ে এদিন বেশ খরুচে ছিলেন সাকিব আল হাসান। মাত্র এক ওভার বোলিং করে ২ চার ও একটি ছক্কায় ১৮ রান দেন তিনি।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেনি আটলান্টা। অধিনায়ক স্টিফেন টেলর ১৬ বলে ৩০ রান করে ফেরেন। সাকিবও ব্যাট হাতে ব্যর্থ হন। ৮ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার।

আটলান্টার হয়ে নিতিশ সুধিনি ২৭ রান করেন। শেষদিকে পার্থ প্যাটেল ৯ বলে ২১ রান করলেও পরাজয় এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ১৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানেই থামে আটলান্টার ইনিংস। ৩৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অরল্যান্ডো গ্যালাক্সি।