জ্যোতির উত্তরসূরির খোঁজে বিসিবি
এশিয়ান গেমস শেষ হওয়ার আগেই বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক নিয়ে জোর আলোচনা চলছে। নিগার সুলতানা জ্যোতি এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ায় এখন নতুন অধিনায়ক খোঁজার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক আলোচনায় নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারির নাম সবচেয়ে বেশি উঠে আসছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বোর্ড।
২০২২ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নেওয়ার পর জ্যোতির অধিনায়কত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্যের একটি ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারানো। সেই বিশ্বকাপে ব্যাট হাতে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে ৭টি ডিসমিসাল করেছিলেন তিনি।
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও মূল পর্বে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার এবং বিশ্বকাপে ৫ ম্যাচে মাত্র দুটি জয় জ্যোতির নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে। এশিয়া কাপের ব্যর্থতার পর সেই আলোচনা আরও জোরালো হয়। সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নেয় বাংলাদেশ।
এরপরই বিসিবিকে ই-মেইল করে এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব আর করতে চান না বলে জানান জ্যোতি। তবে ওয়ানডে দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছিলেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।
জ্যোতির সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পর নতুন অধিনায়ক হিসেবে নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারিকে এগিয়ে রাখছে বিসিবির একটি অংশ। ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন কাউকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে টি-টোয়েন্টিতে নাহিদা ও সোবহানা দুজনই শক্ত প্রার্থী। তবে পরিচয় প্রকাশ করতে চাননি ওই কর্মকর্তা।
নাহিদা এরই মধ্যে জাতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দলেও জ্যোতির ডেপুটি ছিলেন তিনি। ফলে নেতৃত্বের ধারাবাহিকতায় নাহিদা স্বাভাবিকভাবেই আলোচনায় রয়েছেন।
অন্যদিকে সোবহানা মোস্তারি নিয়মিত টি-টোয়েন্টি দলে গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রানের কার্যকর ইনিংস খেলেও নজর কেড়েছিলেন তিনি। নেতৃত্বের জন্য তাই তার নামও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
তবে নাহিদা ও সোবহানার মধ্যেই আলোচনা সীমাবদ্ধ নয়। ভবিষ্যতের জন্য নতুন কাউকে তৈরি করার পরিকল্পনাও রয়েছে বিসিবির মধ্যে। ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া রাবেয়া খান এবং অলরাউন্ডার স্বর্ণা আক্তারের নামও ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য তালিকায় আসতে পারে। যদিও জাতীয় টি-টোয়েন্টি দলের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের এখনই বসানো নিয়ে বোর্ডের মধ্যে দ্বিধা রয়েছে।
এর পাশাপাশি এশিয়ান গেমসের পর নারী দলের কোচিং সেটআপেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ফলে অধিনায়ক নির্বাচনের পাশাপাশি কোচিং কাঠামো নিয়েও নতুন করে ভাবতে হবে বিসিবিকে।
এশিয়ান গেমসেই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে জ্যোতির শেষ ম্যাচ হয়ে যেতে পারে। ২১ সেপ্টেম্বর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।