বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুর্নীতির তদন্ত এখনও শেষ হয়নি। সামনে আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইন্টিগ্রিটি ইউনিটের (আইইউ) প্রধান অ্যালেক্স মার্শাল। এরই মধ্যে সর্বশেষ আসর ঘিরে আটজনের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে এসেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বিপিএলের দুর্নীতির তদন্তের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন মার্শাল। তিনি বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা প্রকাশ্যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ এনেছি ও একজনকে এক্সক্লুডেড পারসন ঘোষণা করেছি।’
তবে তদন্ত এখানেই শেষ হচ্ছে না জানিয়ে সাবেক আইসিসি অ্যান্টি-করাপশন প্রধান বলেন, ‘আরও কিছু মামলা তদন্তাধীন আছে। অদূর ভবিষ্যতে আপনারা আরও চার্জ দেখতে পারেন।’
চলতি মাসের শুরুতে সবশেষ বিপিএলে অ্যান্টি-করাপশন কোড ভঙ্গের অভিযোগে তিনজনের বিরুদ্ধে চার্জ আনার কথা জানায় বিসিবি। এর আগে আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে ‘এক্সক্লুডেড পারসন’ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে প্রকাশ্যে আসা অভিযোগের সংখ্যা এখন আটজন।
ইতোমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের কেউ কেউ অভিযোগ মেনে নিয়েছেন। তারা সমঝোতার ভিত্তিতে শাস্তি নির্ধারণের আবেদন করেছেন। আবার কেউ কেউ এখনও অভিযোগের জবাব দেননি।
মার্শাল জানান, সর্বশেষ তিনজনের বিরুদ্ধে গত ১ সেপ্টেম্বর অভিযোগ আনা হয়েছে। তাদের জবাব দেওয়ার জন্য আর দুই-তিন দিন সময় রয়েছে। তারা চাইলে অ্যান্টি-করাপশন ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ অস্বীকারও করতে পারবেন।