১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬

দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ

হাসান মাহমুদ   © সংগৃহীত

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাট হাতেও লড়াই করে নজর কেড়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে ৪৮ বলে ৯ রান করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত ডার্বিশায়ারের কাছে ১৮১ রানে হেরেছে কেন্ট।

ডার্বিতে ম্যাচ জিততে কেন্টের সামনে ছিল ৪৩৪ রানের লক্ষ্য। জবাবে মাত্র ৩৮ রানে প্রথম পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় দলটি। এরপর ম্যাচ বাঁচাতে ড্রয়ের জন্য খেলতে থাকে কেন্ট।

গতকাল ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন হাসান। দিনের খেলা শেষ হতে তখনও ২২ ওভার বাকি ছিল। বার্টি ফোরম্যানের সঙ্গে ১০৫ বলে ৩৩ রানের জুটি গড়ে দলকে ম্যাচ বাঁচানোর পথে রাখেন বাংলাদেশের এই পেসার।

দলীয় ২৫১ রানে দিনের ২৭ বল বাকি থাকতে এলবিডব্লিউ হয়ে ফেরেন ফোরম্যান। এরপর ক্রিজে আসেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত দুজন টিকে থাকতে পারলে কেন্টের জন্য তা বড় স্বস্তির হতো।

তবে দিনের ১৫ বল বাকি থাকতে ব্রেট রানডেলের বাউন্সারে ক্যাচ তুলে দেন হাসান। ৪৮ বলে ৯ রানের লড়াকু ইনিংস দিয়ে শেষ হয় তার ব্যাটিং।

তবে কেন্টের হারের দায় হাসানের নয়। বরং ম্যাচে বল হাতে নিজের দায়িত্ব আগেই দারুণভাবে পালন করেছেন তিনি। পুরো ম্যাচে ৭ উইকেট নিয়েছেন এই পেসার। ব্যাট হাতে ৪৮ বল খেলে টিকে থাকাটাও কেন্টের জন্য বাড়তি পাওয়া ছিল।

ডার্বিশায়ারের বিপক্ষে ড্র করতে পারলে কেন্টের জন্য তা জয়ের সমান হতো। ড্র হলে কাউন্টি ডিভিশন টুর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে যেত দলটি। দুই ম্যাচ হাতে রেখে ১৭৩ পয়েন্ট নিয়ে এখন তৃতীয় স্থানে আছে কেন্ট।

কাউন্টি ডিভিশন ওয়ানে উঠবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল। বর্তমানে শীর্ষে আছে ডারহাম, তাদের পয়েন্ট ২৩০। দ্বিতীয় স্থানে থাকা নর্থহ্যাম্পটনশায়ারের পয়েন্ট ১৭৫। চলতি মৌসুমে এটি কেন্টের দ্বিতীয় হার।

কেন্টের হয়ে চার ম্যাচ খেলে এখন পর্যন্ত ২৬ উইকেট নিয়েছেন হাসান। এদিকে অভিষেক ম্যাচে খালেদ আহমেদ পেয়েছেন ৩ উইকেট। তিনটিই তিনি নিয়েছেন প্রথম ইনিংসে।

কেন্টের পরবর্তী ম্যাচ ১৫ সেপ্টেম্বর ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে।