০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৩

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা বিসিবির

বাংলাদেশ দল   © সংগৃহীত

আগামী অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ। সফরের শুরুতে ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।

এরপর ২৮ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচ শেষে সিলেটে যাবে দল দুটি।

সেখানে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে। দুটি ম্যাচই সকাল ১০টায় শুরু হবে।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ থেকে ভালো ফল করা গুরুত্বপূর্ণ। অন্যদিকে টেবিলের অষ্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজও ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে।