এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
এশিয়ান গেমসে অংশ নিতে চলতি সেপ্টেম্বরেই জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে মিরপুরে ১০ দিনের বেশি সময়ের প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা।
তবে শুরুতে এশিয়ান গেমসে এইচপি দল পাঠানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত জাতীয় দলের ক্রিকেটারদেরই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
জাতীয় দল পাঠানোর কারণ ব্যাখ্যা করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রথমে আমাদের কিন্তু এইচপি দল পাঠানোর কথা ছিল। কিন্তু যখন আমরা দেখলাম অন্যান্য দেশগুলো তাদের পুরো জাতীয় দল পাঠাচ্ছে, সেখানে আমরা কেন পাঠাব না?’
এশিয়ান গেমসকে চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হিসেবে দেখছেন সালাউদ্দিন। তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ফাইনালে ওঠার ভালো সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি।
তার ভাষ্যমতে, ‘আমার মনে হয় এটা একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হবে। আমাদের যে সূচি আছে, আমি মনে করি আমাদের ফাইনালে যাওয়ার মতো খুব ভালো একটা সুযোগ আছে, আমরা যদি ভালো খেলি।’
তবে টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘদিন খেলা না থাকায় মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন টাইগারদের প্রধান কোচ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টেস্ট ও ওয়ানডেতে ব্যস্ত থাকলেও টি-টোয়েন্টি খেলেনি বেশ কয়েক মাস।
সালাউদ্দিন বলেন, ‘গত কয়েকটা সিরিজে আমরা টি-টোয়েন্টি খেলছি না। আমরা যত তাড়াতাড়ি পারি এটা মানিয়ে নেব। টি-টোয়েন্টি আমরা যে ছন্দে ছিলাম তিন-চার মাস আগে সেই ছন্দটা কত তাড়াতাড়ি নিয়ে আসতে পারি, ছেলেদের জন্য এটাই একটা বড় চ্যালেঞ্জ। যেহেতু টেস্ট খেলছিলাম, ওয়ানডে খেলছিলাম, টি-টোয়েন্টি গত কয়েকটা মাস খেলিনি।’
এদিকে এশিয়ান গেমসের জন্য উইকেট তৈরি করেছেন গামিনি ডি সিলভা। ফলে সেখানে ধীরগতির উইকেট পাওয়ার শঙ্কা রয়েছে। তবে এ নিয়ে গামিনিকে দোষ দেওয়ার কিছু দেখছেন না সালাউদ্দিন। তার মতে, উইকেটের আচরণ অনেকটাই নির্ভর করবে জাপানের আবহাওয়ার ওপর।
তিনি বলেন, ‘গামিনির দোষ দিয়ে তো লাভ নেই। আমরা নিজেরাই বানাতে পারতাম এমন উইকেট, কারণ উইকেট একদম নতুন। দেশের আবহাওয়া ওপর নির্ভর করবে উইকেট কেমন হবে।’