০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৬

ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

ফাতিমা সানা  © সংগৃহীত

ভারতের বিপক্ষে নারী এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করার পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

শনিবার ভারতের বিপক্ষে ম্যাচে ভারতীয় ওপেনার শেফালি ভার্মাকে আউট করার পর তাকে প্যাভিলিয়নের দিকে যাওয়ার ইঙ্গিত করেন ফাতিমা। তার এই অঙ্গভঙ্গিকে আইসিসির আচরণবিধির ২.৫ ধারার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছে। এই ধারায় প্রতিপক্ষ ব্যাটারকে আউট করার পর এমন কোনো আচরণ বা অঙ্গভঙ্গি নিষিদ্ধ, যা ব্যাটারকে উত্তেজিত বা উস্কে দিতে পারে।

ম্যাচ শেষে আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি সুপ্রিয়া দাসের দেওয়া শাস্তি মেনে নেন ফাতিমা। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

গত ২৪ মাসে এটি ফাতিমার দ্বিতীয় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। নতুন ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট এখন দুই।

ম্যাচটিতে আগে ব্যাট করে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত।

তবে এই হারের পরও পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) হংকংয়ের বিপক্ষে জয় পেলেই শেষ চার নিশ্চিত করবে ফাতিমা সানার দল।