০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮

রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল   © সংগৃহীত

ইন্দোনেশিয়াকে হারিয়ে নারী এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। এবার সামনে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেমিফাইনালের পথে নিজেদের অবস্থান আরও শক্ত করতে লঙ্কানদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি জিততে পারলে টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য পূরণের পথও অনেকটাই সহজ হয়ে যাবে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাত বাংলাদেশ সময় সাড়ে ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে ভারতকে এড়াতে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য রয়েছে বাংলাদেশের। আর সেই লক্ষ্য পূরণে শ্রীলঙ্কার বিপক্ষে জয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি।

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে ফাইনালে খেলার লক্ষ্য জানিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণে সেমিফাইনালে ভারতকে এড়ানোর বিষয়টিও জোর দিয়ে বলেছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর ভারতকে সেমিফাইনালে এড়াতে হলে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই বাংলাদেশের।

এই সমীকরণ আগেই জানা আছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন বিসিবির দেওয়া এক ভিডিওবার্তায় সেই কথাই জানিয়েছেন দলের ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা।

‘আমাদের নেক্সট ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। এটা আমাদের জন্য খুব বড় একটা সুবিধা হবে যদি কালকে শ্রীলংকার সঙ্গে আমরা জিততে পারি। তাহলে আমরা সেমিফাইনালের দিকে অনেক ভালোভাবেই এগিয়ে যাব ও আমাদের লক্ষ্যটার অনেক কাছে চলে যাব।’

নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১২৯ রানের পুঁজি নিয়ে ৭১ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাটিং খুব একটা ভালো না হলেও বোলারদের দারুণ পারফরম্যান্সে সহজ জয় পায় দল। পাশাপাশি প্রথম ম্যাচে খেলার মাধ্যমে দুবাইয়ের উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও পেয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচের সেই অভিজ্ঞতাকে সামনের ম্যাচে কাজে লাগাতে চান জয়িতা। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ আমরা ইন্দোনেশিয়ার সঙ্গে খেলেছি। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে জয় লাভ করেছি। মাঠের পরিবেশ ও উইকেটের আচরণ সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানতে পেরেছি। সেই অভিজ্ঞতাটা নিতে পেরেছি।’

ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দুই চার মেরে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন জয়িতা। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৭ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন এই তরুণ ওপেনার।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দায়িত্বটা আরও ভালোভাবে পালন করে বড় ইনিংস খেলতে চান জয়িতা। দলের জয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত লক্ষ্যও জানিয়েছেন তিনি।

‘যে যার দায়িত্বটা সেভাবে পালন করার সর্বোচ্চটা চেষ্টা করব। অবশ্যই আমরা জেতার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ব্যক্তিগত লক্ষ্য থাকবে যেহেতু ওপেনিংয়ে ব্যাটিং করি, পাওয়ার প্লেটা কাজে লাগানোর ও অনেক বড় একটা ইনিংস খেলার। কারণ ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে তারা। তাই নিজেদের লক্ষ্য পূরণের পথে লঙ্কানদের বিপক্ষে জয়ই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।