জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
ক্রিকেট বিশ্বে জাপান এখনো পরিচিত কোনো বড় শক্তি নয়। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দলটির অবস্থান ৪১তম। অথচ সেই জাপানের বিপক্ষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে টানা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ক্রিকেটের মাঠে এই অপ্রত্যাশিত লড়াইয়ের পেছনে অবশ্য রয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বিশেষ উপলক্ষ।
আগামী ২২ সেপ্টেম্বর জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও জাপান। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে ম্যাচটি।
আয়োজকদের লক্ষ্য, খেলাধুলার মাধ্যমে ভারত ও জাপানের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো।
জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে হওয়া সমঝোতার ধারাবাহিকতায় ভারত-জাপান টি-টোয়েন্টি ম্যাচটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
তবে ম্যাচটির গুরুত্ব শুধু কূটনৈতিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবেও ম্যাচটি গুরুত্বপূর্ণ ভারতের জন্য।
আগামী ১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে। ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ায় গ্রুপ পর্বে খেলতে হবে না তাদের। ফলে মূল প্রতিযোগিতায় নামার আগে জাপানের বিপক্ষে ২২ সেপ্টেম্বরের ম্যাচটি খেলার সুযোগ পাচ্ছে ভারতীয় দল।
অন্যদিকে স্বাগতিক জাপান এশিয়ান গেমসে তাদের ক্রিকেট অভিযান শুরু করবে ২৪ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।
ভারতের বিপক্ষে ম্যাচটি জাপানের জন্যও বিশেষ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম ভারতের মুখোমুখি হবে দলটি। শুধু তাই নয়, আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষেও প্রথমবার খেলবে জাপান।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া এই ম্যাচকে ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে ভারতীয় দল এমন একটি নতুন অঞ্চলে যাচ্ছে, যা ক্রিকেটের চিরাচরিত শক্তিকেন্দ্রের বাইরে। জাপান ও পূর্ব এশিয়ায় আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে ক্রিকেটকে পৌঁছে দেওয়ারও সুযোগ তৈরি হবে এতে।’
জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছেও ম্যাচটি ঐতিহাসিক। সংস্থাটির প্রধান নির্বাহী নাওকি মিয়াজি বলেন, ‘বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের জাপানের ক্রিকেটে আমন্ত্রণ জানাতে পারাটা আমাদের সংস্থার জন্য একটি মাইলফলক।’
এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের প্রতিপক্ষের তালিকায় যুক্ত হবে নতুন একটি নাম। জাপান হবে ভারতের ২০তম টি-টোয়েন্টি প্রতিপক্ষ।
ক্রিকেটের মাঠে শক্তিমত্তার ব্যবধান বড় হলেও ২২ সেপ্টেম্বরের ম্যাচটি দুই দেশের জন্যই বিশেষ হয়ে থাকছে। ভারতের জন্য এটি নতুন অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার সুযোগ, আর জাপানের জন্য বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের ক্রিকেটকে নতুন উচ্চতায় তুলে ধরার বড় মঞ্চ।