চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
এশিয়ান গেমসের দলে চমক রেখেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। প্রায় দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফিরেছেন ইয়াসির আলীও। পেস আক্রমণে যুক্ত হয়েছেন হাসান মাহমুদ। তবে চোটের কারণে নেই নাহিদ রানা ও আবদুল গাফফার। নেতৃত্বে থাকছেন লিটন দাস, তাঁর সহকারী তাওহীদ হৃদয়।
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের বেশির ভাগ ক্রিকেটারই আছেন এই দলে।
চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলতে না পারলেও এবার লিটনের কাঁধেই নেতৃত্বের দায়িত্ব দিয়েছে বিসিবি। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন তাওহীদ হৃদয়।
সবচেয়ে বড় চমক শান্তর ফেরা। ২০২৫ সালের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। প্রায় দেড় বছর পর আবারও সংক্ষিপ্ত সংস্করণের দলে ফিরলেন এই ব্যাটার।
জিম্বাবুয়ে সিরিজের দলে থাকা নুরুল হাসান এবার নেই। চোটের কারণে বাদ পড়েছেন নাহিদ রানা ও আবদুল গাফফার। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদও জায়গা পাননি। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজের পর আবারও দলে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। পেস আক্রমণে নতুন করে যুক্ত হয়েছেন হাসান মাহমুদ।
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে অংশ নেবে ১০টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে খেলবে। বাকি চারটি জায়গার জন্য প্রথম পর্বে লড়বে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান।
বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম পর্ব শেষে নির্ধারিত হবে বাংলাদেশের প্রতিপক্ষ। জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের যেকোনো একটি দল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সামনে পড়বে।
কোয়ার্টার ফাইনালে জয় পেলে ১ অক্টোবর সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে নামবে বাংলাদেশ। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
পুরুষদের ক্রিকেট ম্যাচগুলো ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হবে নারীদের ক্রিকেট প্রতিযোগিতা।
এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের দল: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।