ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস হৃদয়ের
বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়। স্বীকৃত ক্রিকেটে কোনো বিদেশি দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন ডানহাতি এই ব্যাটার।
বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ব্যাট হাতে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান হৃদয়।
দক্ষিণ আফ্রিকার ৫১২ রানের জবাবে শুরু থেকেই চিন্তায় ছিল টাইগার যুবারা। লড়াইয়ে ফেরাটাই কঠিন মনে হচ্ছিল। তবে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংসে গতিপথই পাল্টে দেন অধিনায়ক তাওহীদ হৃদয়।
আগের দিনই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন হৃদয়। তবে সেখানে থামেননি। চতুর্থ দিনেও আধিপত্য ধরে রেখে ৪৫০ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। এতে বাংলাদেশের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
অবশ্য, হৃদয়ের অবিশ্বাস্য এই ইনিংসের ভিত গড়ে দেন জাকের আলী অনিক। পঞ্চম উইকেটে তাদের ১৫১ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থেকে থেমেছেন জাকের। ১৬৮ বলে ৯৪ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।
এরপর মোহাম্মদ সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে আরও বড় জুটি গড়েন হৃদয়। ষষ্ঠ উইকেটে ১৮৫ রান যোগ করেন তারা। সাইফউদ্দিনের অবদান ১৭১ বলে ৮৭ রান।
যদিও ম্যাচের শুরুতেই পুরো নিয়ন্ত্রণ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হাতে ছিল। প্রথম ইনিংসে ৫১২ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা। লেসেগো সেনোকওয়ানের ১১১ ও সিনেথেম্বা কেশিলের ১২৮ রানের সঙ্গে গ্যাভিন কাপলানও সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯৭ রানে থামেন।
জবাবে তৃতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ছিল ৩৭১/৬। সেখান থেকেই শেষ দিনে হৃদয়ের ব্যাটিংয়ে ম্যাচের চিত্র নাটকীয়ভাবে বদলে যায়।