০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৫

বাবর আজমকে নিয়ে নতুন সংকটে পাকিস্তান

বাবর আজম  © সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে চরম চাপে পাকিস্তান। স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দ্য গ্রিন ম্যানদের। তবে বার্মিংহাম টেস্টের আগে মাঠের বাইরের সংকটও যেন পিছু ছাড়ছে না পাকিস্তানকে।

প্রথম দুই টেস্টে বাজে পারফরম্যান্সের পর প্রধান কোচ ও বোলিং কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে ইংল্যান্ড থেকে ৭ ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। তাদের জায়গায় নতুন করে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে পাঁচ নতুন মুখ রয়েছেন। এই নাটকীয় পরিবর্তনের মধ্যেই পদত্যাগ করেছেন নির্বাচক মিসবাহ-উল-হকও।

সব মিলিয়ে তৃতীয় টেস্টের আগে পাকিস্তান শিবিরে বিরাজ করছে অস্থিরতা। এর মধ্যে নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে অধিনায়ক বাবর আজমের অসুস্থতা। পাকিস্তান দলের টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা জিও নিউজকে জানিয়েছেন, জ্বরে আক্রান্ত হয়েছেন বাবর। তবে তার অসুস্থতা নিয়ে আপাতত উদ্বেগের কারণ নেই। ফিট আছেন তিনি এবং ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচে বাবরের ব্যাট থেকে মাত্র ৮ ও ৬ রান এসেছিল। চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে অবশ্য খেলতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেন সালমান আগা।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন বাবর। দুই টেস্টে করেছিলেন ১৯৩ রান, যেখানে দুটি অর্ধশতক ছিল। সেই সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। তবে নতুন করে টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর ব্যাট হাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের তারকা এই ব্যাটার।