৩১ আগস্ট ২০২৬, ১৯:০০

বাবরকে ‘সোশ্যাল মিডিয়ার ক্রিকেটার’ বললেন পাকিস্তানি তারকা

বাবর আজম  © সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সমালোচনায় মুখ খুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। তার মতে, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা কিংবা ভক্তদের পছন্দের তালিকায় থাকলেই কাউকে বড় ক্রিকেটার বলা যায় না। দলের কঠিন সময়ে ব্যাট হাতে দায়িত্ব নেওয়ার সামর্থ্যও থাকতে হয়।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের হয়ে দুই ইনিংসেই ব্যর্থ হন বাবর। প্রথম ইনিংসে ৮ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন মাত্র ৬ রান। তার এমন পারফরম্যান্সের পরই বাবরকে নিয়ে সরব হন বাসিত।

‘দ্য গেমপ্ল্যান শো’তে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘বড় খেলোয়াড় কাকে বলে? মজিদ খান, জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক, ইউনিস খান ও সাঈদ আনোয়ার, তারা এমনি এমনি কিংবদন্তি হয়ে যাননি। বিপদের দিনে যারা কাণ্ডারি হতে পারেন না, তাদের বড় খেলোয়াড় বলে লাভ কী? আপনার বড়ত্ব কি শুধু সোশ্যাল মিডিয়ায়? ভক্তদের পছন্দের তালিকায়?’

টেস্ট ক্রিকেটে বাবরের দীর্ঘ সময়ের সেঞ্চুরি-খরাও বাসিতের হতাশার অন্যতম কারণ। ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলার পর থেকে টেস্টে আর তিন অঙ্কের দেখা পাননি তারকা এই ব্যাটার।

বাবরের উদ্দেশে বাসিত বলেন, ‘আর কবে সেঞ্চুরিটা করবে? এটা সত্যিই কষ্টের। যখন পুরো দেশের ব্যাটিং লাইনআপ তোমার দিকে তাকিয়ে থাকে, অন্তত অমন একটা শট খেলে আউট হওয়া তো তোমার সাজে না।’

শুধু বাবর নন, উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের আউটের ধরন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বাসিত। রিজওয়ানের শটকে ‘পাড়ার ক্রিকেট’-এর সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘রিজওয়ান ওটা কী শট খেলল? কোনো সাধারণ জ্ঞান কি ওর অবশিষ্ট নেই? ও কি টেস্ট ম্যাচ খেলছে, নাকি পাড়ার মোড়ের ক্রিকেট?’