৩১ আগস্ট ২০২৬, ১৮:১৯

৬ ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন নামে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

বিসিবি লোগো   © সংগৃহীত

চলতি বছরে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে ঘরোয়া জনপ্রিয় এই টুর্নামেন্ট না থাকলেও দেশের ক্রিকেটে টি-টোয়েন্টির উত্তাপ মোটেই কমছে না। ঘরোয়া ক্রিকেটের উঠতি তারকাদের সুযোগ করে দিতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনসিএল টি-টোয়েন্টির পরিবর্তে এবার নতুন নামে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

প্রতি বছর নির্দিষ্ট সময়ে মাঠে গড়ানো এনসিএল টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছেন। তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণের অন্যতম মঞ্চ হয়ে উঠেছিল এই প্রতিযোগিতা। তবে এবার সেই টুর্নামেন্টই নতুন রূপে হাজির হতে পারে।

এ নিয়ে বিসিবির এক পরিচালকের দাবি, এনসিএল টি-টোয়েন্টি আর আয়োজিত হবে না। নতুন নামের সন্ধানে থাকা বোর্ডের ভাবনায় রয়েছে ‘বাংলাদেশ ফার্স্ট’ নামটি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিসিবি সূত্র জানিয়েছে, নতুন এই প্রতিযোগিতায় বিভাগভিত্তিক কোনো দল থাকবে না। ৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে বোর্ডের। তবে কোনো প্রতিষ্ঠান একটি দল কিনলে নিজেদের পছন্দ অনুযায়ী দলের নাম দেওয়ার সুযোগ পাবেন তারা। অন্যদিকে আগের কাঠামোতেই অনুষ্ঠিত হবে চারদিনের এনসিএল। সেখানে বিভাগভিত্তিক দল থাকবে।

ওই সূত্র জানিয়েছে, চারদিনের এনসিএল, ওয়ানডে ও টি-টোয়েন্টি—এই তিন প্রতিযোগিতার জন্য ইতোমধ্যে ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বিসিবি।

এই তিন টুর্নামেন্ট আয়োজন করতে খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ প্রায় ২৫ কোটি টাকা খরচ হতো বোর্ডের। নতুন পরিকল্পনায় ৬ ফ্র্যাঞ্চাইজি থেকে প্রায় ১৫ কোটি টাকা স্পন্সর পাওয়ার আশা করছে বিসিবি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো দল কিনলেও টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব তাদের হাতে থাকবে না। লজিস্টিক থেকে শুরু করে আর্থিক ব্যবস্থাপনার বড় অংশই দেখভাল করবে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াতে পারে। এর আগে খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হবে। তবে প্রথম আসরে কোনো বিদেশি ক্রিকেটারকে রাখা হবে না।