৩০ আগস্ট ২০২৬, ১৪:৪৬

ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

কাভান সুলিভান  © সংগৃহীত

দারুণ ছন্দে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে আমেরিকার শীর্ষ পর্যায়ের যেকোনো লিগে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে অভিষেক হয়েছিল তার। তবে প্রথম গোল ও অ্যাসিস্টের দেখা পেতে তাকে চলতি মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

এবার ধারাবাহিক নৈপুণ্যে নতুন ইতিহাস গড়লেন এই তরুণ প্রতিভা। মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টানা ৪ ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন সুলিভান।

রবিবার (৩০ আগস্ট) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের ৩-১ গোলের জয়ে একটি গোল করেন তিনি। তার গোলেই ভেঙে যায় রেড বুলসের টানা ৭ ম্যাচের অপরাজিত থাকার ধারা।

ম্যাচের ৫০তম মিনিটে রেড বুলসের বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের বাধা কাটিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান সুলিভান। টানা দ্বিতীয় ম্যাচে গোল করার পাশাপাশি চলতি মৌসুমে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। ক্যারিয়ারের ৩৪তম ম্যাচে তার তৃতীয় গোল এটি।

এই গোলের মাধ্যমে ১৬ বছর ৩৩৬ দিন বয়সে এমএলএসে টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্টে অবদান রাখার রেকর্ড গড়েছেন সুলিভান। লিগের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে এমন কীর্তি গড়া মাত্র তৃতীয় ফুটবলার তিনি। শেষ পর্যন্ত কাভান সুলিভানের দারুণ পারফরম্যান্সে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ফিলাডেলফিয়া ইউনিয়ন।