অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়ের ছেলে
বাবাদের পথ ধরে ক্রিকেটে নিজেদের সম্ভাবনার জানান দিচ্ছেন রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগের ছেলেরা। এবার সেই সম্ভাবনার পুরস্কারও পেলেন তারা। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন অনভয় দ্রাবিড় ও আর্যবীর শেবাগ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও চার দিনের ম্যাচের সিরিজে দেখা যাবে তাদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক থাকবেন লক্ষ্য রায়চন্দনি, সহ-অধিনায়ক যশবর্ধন চৌহান। চার দিনের ম্যাচে অবশ্য দায়িত্বের অদলবদল হবে, অধিনায়কত্ব করবেন যশবর্ধন, তার সহকারী থাকবেন রায়চন্দনি।
ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন শেবাগের ছেলে আর্যবীর ও দ্রাবিড়পুত্র অনভয়। এর আগে গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি ওয়ানডেতে ৮৭ রানের দারুণ ইনিংস খেলেছিলেন অনভয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে হবে ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর। এরপর দুটি চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭-৩০ সেপ্টেম্বর ও ৫-৮ অক্টোবর। শেষ ম্যাচটি হবে আহমেদাবাদে, আর বাকি চারটি ম্যাচের ভেন্যু রাজকোট।
শ্রীলঙ্কা সফরেও ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন রায়চন্দনি। দুটি চার দিনের ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩০৭ রান। গলে ২০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর কলম্বোয় অপরাজিত ১০০ রান করেন তিনি।
ঘরোয়া ক্রিকেটেও এরই মধ্যে নিজেকে মেলে ধরেছেন রায়চন্দনি। উত্তরাখণ্ডের হয়ে চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার সংগ্রহ ২২৩ রান। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি শুধু দ্রাবিড়-শেবাগপুত্রদের জন্যই নয়, ভারতের নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্যও নিজেদের প্রমাণের বড় মঞ্চ হতে যাচ্ছে।
ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে স্কোয়াড:
লক্ষ্য রায়চন্দনি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল (উইকেটরক্ষক), আর্যবীর শেবাগ, ভিকে বিনীত, কুশাগরা ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অনভয় দ্রাবিড় (উইকেটরক্ষক), ভি যশবীর, রোহিত যাদব, শভিন উলপতি ভেনকা, মোহিত বিনোদ, চিবুক।
চারদিনের স্কোয়াড:
যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রায়চন্দনি (সহ-অধিনায়ক), সাগর বির্ক, কুশাগরা ওঝা, মানাল চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণ (উইকেটরক্ষক), অভিপ্রয় বিশ্বাস (উইকেটরক্ষক), রোহিত যাদব, ইশান ওম, অয়ন আকরাম, প্রণব রাগবেন্দ্র, প্রিয়াংশু, উলয়ান সিং, প্রণব।