‘আবু সাঈদ স্ট্যান্ড’ নাম পরিবর্তনের খবর ‘মিথ্যা’ জানিয়ে হুঁশিয়ারি বিসিবির
শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।
সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত প্রতিবেদনে দাবি করা হয়, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের নামে করা স্ট্যান্ডটির নাম বাতিল করেছে বর্তমান বিসিবি প্রশাসন। তবে এমন দাবি পুরোপুরি নাকচ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুগুলোর কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ চলাকালে স্ট্যান্ডগুলোর আনুষ্ঠানিক নাম যথাযথভাবে প্রদর্শন ও ব্যবহার করা হয়।
বিসিবি আরও জানায়, বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে।
বিসিবির দাবি, ওই সিরিজগুলোর প্রতিটি ম্যাচেই শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ অন্যান্য স্ট্যান্ডের নাম স্টেডিয়ামের দর্শকদের কাছে দৃশ্যমান ছিল এবং টেলিভিশন সম্প্রচারেও তা দেখা গেছে। ম্যাচের টিকিট ও বিভিন্ন প্রচারসামগ্রীতেও স্ট্যান্ডটির নাম উল্লেখ ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে স্টেডিয়ামের বিভিন্ন সাইনেজ কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা সাময়িকভাবে খুলে রাখা হতে পারে। এ ধরনের রক্ষণাবেক্ষণকাজ সাধারণত ম্যাচ না থাকা দিনে সম্পন্ন করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও অবদানের স্বীকৃতি হিসেবে বিসিবি তার নামে একটি স্ট্যান্ডের নামকরণ করেছে উল্লেখ করে বোর্ড বলেছে, এ বিষয়ে বিভ্রান্তি বা জল্পনার কোনো সুযোগ নেই।
বিসিবির ভাষ্য, বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ও মিথ্যা বক্তব্য ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে বিসিবি ও বর্তমান বোর্ডের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছে সংস্থাটি।
এ ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে বিসিবির নীতিমালা অনুযায়ী কঠোর ও যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার বোর্ড সংরক্ষণ করে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।