২৬ আগস্ট ২০২৬, ১৮:৩১

এশিয়া কাপের আগমুহূর্তে পাকিস্তানি পেসারের অবসর

আইমেন আনোয়ার  © সংগৃহীত

নারী এশিয়া কাপ শুরুর আগমুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার আইমেন আনোয়ার। বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবশেষ ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন আইমেন।

২০১৬ সালে অভিষিক্ত আনোয়ার ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কাকতালীয়ভাবে পাকিস্তানের জার্সিতে অভিষিক্ত ৩৭তম নারী ক্রিকেটারও তিনি।

এ ছাড়া দেশের হয়ে ৮টি ওয়ানডে ম্যাচেও মাঠে নেমেছিলেন তিনি। এই ফরম্যাটে খেলা ৭৬তম নারী ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডেতে ৪টি এবং টি-টোয়েন্টিতে ৩৩টি উইকেট শিকার করেছেন আইমেন। ২০১৮, ২০২০ এবং ২০২২-২৩ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াডে ছিলেন তিনি। এ ছাড়া নিউজিল্যান্ডে ২০২২ সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপেও খেলেছেন।

খেলোয়াড়ি জীবন শেষে ব্রডকাস্টার হিসেবে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন আইমেন। বর্তমানে ম্যাচ-রেফারি হিসেবেও নিজের নতুন এক অধ্যায় শুরু করেছেন তিনি।

চলমান জাতীয় নারী অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ম্যাচ-রেফারি হিসেবে গত সোমবার অভিষেক হয় তার। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ম্যাচ রেফারিদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করেছিলেন আইমেন।