২৬ আগস্ট ২০২৬, ১৭:৩৫

শরিফুলকে কাউন্টিতে খেলতে দিল না বিসিবি, জানা গেল কারণ

শরিফুল ইসলাম  © সংগৃহীত

ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেলেও শেষ পর্যন্ত মাঠে নামা হচ্ছে না শরিফুল ইসলামের। এই বাঁহাতি পেসারকে অনাপত্তি সনদ (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত আসন্ন আন্তর্জাতিক সূচি, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফেরার বিষয়টি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেয় বোর্ড। 

সম্প্রতি কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে নজর কাড়েন আরেক পেসার হাসান মাহমুদ। এই দলেই হাসানের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার কথা ছিল শরিফুলের। কিন্তু তাকে ছাড়তে রাজি হয়নি তামিম ইকবালের বোর্ড। কারণ, তাদের মনে হয়েছে এতে তার আন্তর্জাতিক দায়বদ্ধতা ঝুঁকির মুখে পড়তে পারে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। তিনি বলেন, ‘শরিফুলের কাজের চাপ এবং আসন্ন আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টগুলো বিবেচনা করে তাকে এনওসি দেওয়া হয়নি, কারণ আগামী তিন মাসে আমাদের পাঁচটি টেস্ট, সাতটি টি-টোয়েন্টি এবং ছয়টি ওয়ানডে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শরিফুল এমন একজন খেলোয়াড় যে সব ফরম্যাটেই খেলে। তাছাড়া সে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সবে সেরে উঠছে। তাই আমরা যদি তাকে চারটি কাউন্টি ম্যাচের জন্য অনাপত্তি সনদ (এনওসি) দিই, তাহলে তার শরীরের ওপর যে পরিমাণ চাপ পড়বে, তাতে আমরা উদ্বিগ্ন যে সে হয়তো ওই সব (আন্তর্জাতিক) ম্যাচের জন্য পুরোপুরি ফিট থাকতে পারবে না।’

শরিফুলকে কাউন্টিতে না পাঠানোর সিদ্ধান্তের পেছনে টিম ম্যানেজমেন্ট ও মেডিকেল বিভাগের মতামতও রয়েছে বলে জানান নাফিস, ‘এ কারণেই টিম ম্যানেজমেন্ট এবং মেডিকেল বিভাগ মনে করে, তার খেলার চেয়ে অনুশীলন করা এবং আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য পুরোপুরি ফিট ও প্রস্তুত থাকাই বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে শরিফুলকে এনওসি দেওয়া না হলেও, কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য অনুমতি পেয়েছেন বাংলাদেশের আরেক পেসার খালেদ আহমেদ। এ বিষয়ে শাহরিয়ার নাফিসের ভাষ্য, খালেদ পুরোপুরি ফিট আছেন এবং সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচ না খেলায় তাকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে।