তামিম ইকবালকে চ্যালেঞ্জ করলেন আসিফ
তাড়াহুড়ো করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করে লাভের বদলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আগেই জোড়াতালি দিয়ে টুর্নামেন্ট আয়োজন না করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। শেষ পর্যন্ত চলতি বছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্তের কথাই জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানান, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে যেখানে বোর্ডের আয় হওয়ার কথা, সেখানে উল্টো বড় অঙ্কের ক্ষতি হওয়াকে গ্রহণযোগ্য মনে করছেন না তিনি।
এদিকে বিপিএলের সাম্প্রতিক সংকটের পেছনে ফ্র্যাঞ্চাইজিদের নিয়ম না মানা, চুক্তির শর্ত ভঙ্গ এবং আর্থিক দায়বদ্ধতার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। কোনো ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব পালনে ব্যর্থ হলে শেষ পর্যন্ত সেই চাপ বিসিবির ওপরই পড়ে বলেও জানান তিনি।
তবে বিসিবিপ্রধানের এই বক্তব্যকে চ্যালেঞ্জ করেছেন বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তামিমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।
আসিফ লিখেছেন, বিপিএল (BPL) দুই সিজনে ৪০ কোটি টাকা ক্ষতির ঘোষণা সর্বৈব (সমস্ত) মিথ্যা। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অডিট এর পাশাপাশি গণশুনানি চাই।