নতুন টুর্নামেন্টের উদ্যোগ বিসিবির, সূচি ঘোষণা
জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের আরও বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ করে দিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ এই তিন বয়সভিত্তিক দলকে নিয়ে ৫০ ওভারের ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে এই প্রতিযোগিতাটি।
তিন বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের একই মঞ্চে খেলার সুযোগ করে দিতেই এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী ২৮ আগস্ট উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ এর মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৯ দল। একদিন বিরতির পর মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল।
প্রথম পর্বে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ফলে লিগ পর্বেই প্রতিটি দলের অন্তত ৪টি করে ম্যাচ খেলার সুযোগ থাকছে। এতে বয়সভিত্তিক ক্রিকেটারদের পাশাপাশি ভবিষ্যতের জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগও তৈরি হবে।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে খেলবে। আগামী ৯ সেপ্টেম্বর এই প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফাইনালসহ টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। নতুন এই আয়োজনের মাধ্যমে তিন বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের নিয়মিত ও প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে রাখার পাশাপাশি জাতীয় দলের ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে চায় বিসিবি।