১৭ আগস্ট ২০২৬, ১৯:৩২

জাদেজার মাইলফলক ছোঁয়ার দিনে চালকের আসনে ভারত

ভারত-শ্রীলঙ্কা ম্যাচ   © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষেও চালকের আসনে রয়েছে ভারত। দিন শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের লিড দাঁড়িয়েছে ১৭৮ রানে। তবে তৃতীয় দিনে দুর্দান্ত প্রতিরোধ গড়ে ম্যাচে ফেরার আভাস দেয় স্বাগতিকরা। ফলে চতুর্থ দিনে লড়াই জমে ওঠার অপেক্ষা।

তৃতীয় দিনের শুরুতেই ভারতের শেষ উইকেটটি তুলে নেয় শ্রীলঙ্কা। দিনের মাত্র চতুর্থ বলে প্রসিধ কৃষ্ণকে ফেরায় তারা। এরপর ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট তুলে নিয়ে ভারতকে দারুণ শুরু এনে দেন  মোহাম্মদ সিরাজ।

এরপর শ্রীলঙ্কার ব্যাটারদের ওপর চাপ বাড়াতে থাকেন ভারতের স্পিনাররা। একপর্যায়ে মাত্র ৯০ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কাকে বড় বিপদ থেকে উদ্ধার করে সোনাল দিনুশা ও নিরোশন ডিকভেলার দুর্দান্ত জুটি  দুজন মিলে ১৪৬ রান যোগ করেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন দিনুশা, আর গুরুত্বপূর্ণ ৮০ রান করেন ডিকভেলা। তাদের প্রতিরোধে ভারতের প্রথম ইনিংসের লিড অনেকটাই কমিয়ে আনে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। 

ভারতের হয়ে তরুণ স্পিনার মানব সুতার ৪ উইকেট নিয়ে বল হাতে নেতৃত্ব দেন। রবীন্দ্র জাদেজা ৩ উইকেট নেন।

এই ইনিংসেই বড় মাইলফলক স্পর্শ করেন জাদেজা। টেস্ট ক্রিকেটে ৩৫০ উইকেটের মালিক হয়ে ভারতের মাত্র পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। একইসঙ্গে টেস্টে ৪ হাজারের বেশি রান ও ৩৫০-এর বেশি উইকেট নেওয়া অলরাউন্ডারদের অভিজাত তালিকায়ও জায়গা করে নেন তিনি।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। দেবদত্ত পাডিক্কালের ১৬৭ রানের দুর্দান্ত ইনিংসের সঙ্গে কে এল রাহুলের ৮২ ও ধ্রুব জুরেলের ৫১ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪৬২ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন প্রভাত জয়সুরিয়া। ৪ উইকেট নেন তিনি। এ ছাড়া কেশারা নুয়ান্থা ৩টি এবং আসিথা ফার্নান্দো ২টি উইকেট শিকার করেন।