এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা বিসিবির
আসন্ন নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক এবং নাহিদা আক্তারকে সহ-অধিনায়ক করে গড়া দলে অভিজ্ঞদের পাশাপাশি কয়েকজন তরুণ ক্রিকেটারও সুযোগ পেয়েছেন।
আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হবে নারী এশিয়া কাপের ষষ্ঠ আসর। টুর্নামেন্টের সবকটি ম্যাচই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া রয়েছে। ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে জ্যোতির দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপপর্বে বাংলাদেশের সবচেয়ে কঠিন লড়াই হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে। ৬ সেপ্টেম্বর একই মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ৮ সেপ্টেম্বর একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড। ২৮ আগস্ট থাইল্যান্ড ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে আসর। গ্রুপপর্বে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি ৫ সেপ্টেম্বর হবে।
দুই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সেমিফাইনালের টিকিট পাবে। ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপের। দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্সআপ খেলবে।
এশিয়া কাপের পাশাপাশি জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসেও একই ১৫ সদস্যের দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বাংলাদেশ নারী স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, শোভনা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবিয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মাগলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।