রিয়াদের সঙ্গে কাজের অভিজ্ঞতায় মুগ্ধ সাব্বির
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ এইচপি দল। এরই মধ্যে সেখানে নিজেদের প্রস্তুতিও শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিকে এবারের দলে সুযোগ পেয়েছেন সাব্বির রহমানও। সবশেষ মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও সুযোগ পেয়েছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে ঘরের মাঠে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি হার্টহিটার এই ব্যাটার। সাম্প্রতিক ব্যর্থতা একপাশে রেখে বড় মঞ্চে আবারও নিজেকে প্রমাণের অপেক্ষায় সাব্বির।
অন্যদিকে এইচপি দলের সঙ্গে তার দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদও আছেন। তবে খেলোয়াড় হিসেবে নয়, মন্টর হিসেবে যুবাদের সঙ্গে কাজ করছেন মিস্টার সাইলেন্টকিলার। এবার রিয়াদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন সাব্বির।
ডারউইনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে টাইগার এই ব্যাটার বলছিলেন, ‘(রিয়াদ ভাইয়ের সঙ্গে কাজ) এক কথায় ফ্যান্টাস্টিক। যেভাবে আমাদের মনিটর করছেন, পার্ট বাই পার্ট বুঝাচ্ছেন। মনে হচ্ছে, আমার কলিগই আমাকে বুঝাচ্ছেন। অনেকদিন খেলেছি, উনার সাথে। ৭-৮ বছর খেলেছি। খুব ফ্রি-লি কথা বলতে পারছি। ফ্যান্টাস্টিক ওয়ার্ক।’
এই দলের সহকারী কোচের দায়িত্বে আছেন ইমরুল কায়েসও। তাকে নিয়ে সাব্বির বলেন, ‘অবশ্যই এটা বড় অর্জন হবে। দেশি কোচ প্লেয়ারদের চেনেন। যারা আসছেন, সবাই ১০-১২-১৫ বছর জাতীয় দলে খেলেছেন। এটা খুব ভালো উদ্যোগ। (বিসিবি সভাপতি) তামিম (ভাই) খুব ভালোভাবে এটা নিচ্ছে। প্লেয়ারদের জন্য ভালো ব্যাপার।’
উল্লেখ্য, আগামী ২১ আগস্ট ক্রিকেট ভিক্টোরিয়া ও হোবার্ট হারিকেনসের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। বাংলাদেশ হাই-পারফরম্যান্স দল তাদের প্রথম ম্যাচ খেলবে ২২ আগস্ট নেপালের বিপক্ষে। গ্রুপ পর্বে মোট ৬টি ম্যাচ খেলবে তারা। ৩০ আগস্ট দুই সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে শেষ হবে এবারের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ এইচপি দলের গ্রুপ পর্বের ম্যাচসূচি:
২২ আগস্ট (শনিবার): বাংলাদেশ এইচপি বনাম নেপাল (টিআইও স্টেডিয়াম, দুপুর ২:৩০ মিনিট)
২৩ আগস্ট (রবিবার): বাংলাদেশ এইচপি বনাম হোবার্ট হারিকেনস (টিআইও স্টেডিয়াম, দুপুর ১:৩০ মিনিট)
২৪ আগস্ট (সোমবার): বাংলাদেশ এইচপি বনাম ভিক্টোরিয়া (ডিএক্সসি অ্যারেনা-২, সকাল ১০:৫০ মিনিট)
২৫ আগস্ট (মঙ্গলবার): বাংলাদেশ এইচপি বনাম অ্যাডিলেড স্টাইকার্স একাডেমি (ডিএক্সসি অ্যারেনা-১, ৩:৩০ মিনিট)
২৭ আগস্ট (বৃহস্পতিবার): বাংলাদেশ এইচপি বনাম নিউজিল্যান্ড ‘এ’ (ডিএক্সসি অ্যারেনা-১, দুপুর ১:৩০ মিনিট)
২৮ আগস্ট (শুক্রবার): বাংলাদেশ এইচপি বনাম নর্দার্ন টেরিটরি (এনটি) স্ট্রাইক (ডিএক্সসি অ্যারেনা-১, দুপুর ১:৩০ মিনিট)
নকআউট পর্ব (৩০ আগস্ট, রবিবার):
প্রথম সেমিফাইনাল (২য় বনাম ৩য় দল): গার্ডেনস ওভাল, সকাল ৬:৩০ মিনিট
দ্বিতীয় সেমিফাইনাল (১ম বনাম ৪র্থ দল): ডিএক্সসি অ্যারেনা-১, সকাল ৭:০০ মিনিট
গ্র্যান্ড ফাইনাল: ডিএক্সসি অ্যারেনা-১, দুপুর ১২:৩০ মিনিট