অস্ট্রেলিয়ায় শিরোপায় চোখ বাংলাদেশের
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ এইচপি দল। এই টুর্নামেন্টের সবকটি ম্যাচই ডারউইনে গড়াবে। এরই মধ্যে সেখানে নিজেদের প্রস্তুতি শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এইচপি দলের অধিনায়ক ইরফান শুক্কুর। সেখানে তার দাবি, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এই টুর্নামেন্টে পা রেখেছে বাংলাদেশ।
ইরফান শুক্কুরের ভাষ্যমতে, 'আমি মনে করি, প্রত্যেকবারই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছিলাম। একবার রানার্স-আপ, আরেকবার হয়তো প্রথম রাউন্ডেই বাদ পেড়েছিলাম। আর এখন আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া, তবে আমরা ম্যাচ ধরে ধরে এগোনোর জন্য চেষ্টা করব।'
এদিকে এই দলের কোচিং প্যানেলে আছেন সাবেক দুই তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়েই নিজেদের সেরাটা দিতে পারবেন বলে মনে করছেন শুক্কুর।
তিনি বলেন, 'আপনারা যদি দেখেন, দুজনেই কিন্তু এখনো ক্রিকেট পুরোটা ছাড়েনি, প্রথম শ্রেণীর ম্যাচ খেলছে। সুতরাং আমি মনে করি, উনাদের মাঠের অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে ভাগাভাগি করে খুব ভালো একটা জিনিস হবে।'
আগামী ২১ আগস্ট ক্রিকেট ভিক্টোরিয়া ও হোবার্ট হারিকেনসের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। বাংলাদেশ হাই-পারফরম্যান্স দল তাদের প্রথম ম্যাচ খেলবে ২২ আগস্ট নেপালের বিপক্ষে। গ্রুপ পর্বে মোট ৬টি ম্যাচ খেলবে তারা। ৩০ আগস্ট দুই সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে শেষ হবে এবারের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ এইচপি দলের গ্রুপ পর্বের ম্যাচসূচি:
২২ আগস্ট (শনিবার): বাংলাদেশ এইচপি বনাম নেপাল (টিআইও স্টেডিয়াম, দুপুর ২:৩০ মিনিট)
২৩ আগস্ট (রবিবার): বাংলাদেশ এইচপি বনাম হোবার্ট হারিকেনস (টিআইও স্টেডিয়াম, দুপুর ১:৩০ মিনিট)
২৪ আগস্ট (সোমবার): বাংলাদেশ এইচপি বনাম ভিক্টোরিয়া (ডিএক্সসি অ্যারেনা-২, সকাল ১০:৫০ মিনিট)
২৫ আগস্ট (মঙ্গলবার): বাংলাদেশ এইচপি বনাম অ্যাডিলেড স্টাইকার্স একাডেমি (ডিএক্সসি অ্যারেনা-১, ৩:৩০ মিনিট)
২৭ আগস্ট (বৃহস্পতিবার): বাংলাদেশ এইচপি বনাম নিউজিল্যান্ড ‘এ’ (ডিএক্সসি অ্যারেনা-১, দুপুর ১:৩০ মিনিট)
২৮ আগস্ট (শুক্রবার): বাংলাদেশ এইচপি বনাম নর্দার্ন টেরিটরি (এনটি) স্ট্রাইক (ডিএক্সসি অ্যারেনা-১, দুপুর ১:৩০ মিনিট)
নকআউট পর্ব (৩০ আগস্ট, রবিবার):
প্রথম সেমিফাইনাল (২য় বনাম ৩য় দল): গার্ডেনস ওভাল, সকাল ৬:৩০ মিনিট
দ্বিতীয় সেমিফাইনাল (১ম বনাম ৪র্থ দল): ডিএক্সসি অ্যারেনা-১, সকাল ৭:০০ মিনিট
গ্র্যান্ড ফাইনাল: ডিএক্সসি অ্যারেনা-১, দুপুর ১২:৩০ মিনিট