তাসকিনের আঘাত সামলে গ্রিনের সেঞ্চুরি, অপেক্ষা বাড়ছে বাংলাদেশের
অস্ট্রেলিয়াকে অল্পতেই থামাতে উইকেটের বিকল্প নেই। চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতির পর সেটাই যেন আরেকবার প্রমাণ করলেন তাসকিন আহমেদ। ইনিংসের ৮৭তম ওভারের পঞ্চম বলে মিচেল স্টার্ককে লিটন দাসের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখান অভিজ্ঞ এই পেসার।
৩৪ বলে দুই চারে ১৮ রান করে ফেরেন স্টার্ক। এতে ক্যামেরন গ্রিনের সঙ্গে তার ৪৩ রানের জুটিও ভেঙেছে। অষ্টম উইকেট হারিয়ে স্বাগতিক দলও ধুঁকছে। সবমিলিয়ে ইতিহাস গড়ার মঞ্চে তৈরিতে এখনও ২ উইকেট দরকার বাংলাদেশের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯১ ওভার শেষে ২৭৪ রান অজিদের। লিড ৪৬ রানের। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে ইতোমধ্যেই সেঞ্চুরি ছুঁয়েছেন ক্যামেরন গ্রিন (১০২)। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি করলেন গ্রিন। সব মিলিয়ে তার তৃতীয় সেঞ্চুরি এটি। তার সঙ্গে ৮ রান নিয়ে ক্রিজে আছেন নাথান লায়ন।
চতুর্থ দিনের শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেন মেহেদী হাসান মিরাজ। দিনের শুরুতে অ্যালেক্স ক্যারিকে কট-বিহাইন্ড করার পর বাউ ওয়েবস্টারকে বোল্ড করেন তিনি। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকেও ফিরিয়ে দেন এই অফ-স্পিনার।
৭৪তম ওভারের শেষ বলে কামিন্সকে শিকার করেন মিরাজ। অফ-স্টাম্পের বাইরে কিছুটা ফুল লেংথের বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়েছিলেন কামিন্স। তবে বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে শর্ট লেগে চলে যায়। সেখানে সাদমান ইসলামের দুর্দান্ত ক্যাচে ফিরে যেতে হয় অজি অধিনায়ককে। ৩২ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন কামিন্স।
এর আগে দিনের সপ্তম ওভারেই অ্যালেক্স ক্যারিকে ফেরান মিরাজ। অফ স্টাম্পের লাইনে পিচ করে হালকা টার্ন নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ক্যারির ব্যাটের বাইরের কানায় লাগে বল। পেছনে থাকা লিটন সহজেই ক্যাচটি তালুবন্দী করেন। ৫ চারে ৭২ বলে ৩০ রান করে ফেরেন ক্যারি।
বিরতি দিয়ে আবারও আঘাত হানেন মিরাজ। অফ স্টাম্পের লাইনে পিচ করে সোজা চলে যাওয়া একটি ডেলিভারি ভুল লাইনে খেলতে গিয়ে ব্যাটের বাইরের কানার কাছ ঘেঁষে বোল্ড হন ওয়েবস্টার। মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।