১৫ আগস্ট ২০২৬, ১৭:৪৩

সেই তর্ক কাণ্ডে মিরাজের কাছে ‘ভুল’ স্বীকার স্টার্কের

মিরাজের সঙ্গে স্টার্কের তর্ক  © সংগৃহীত

অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ খেলবে, আর দলটির পেসাররা তর্কে জড়াবেন না; এমনটা ভাবাও যেন দুঃসাধ্য। বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও এমন কিছুই দেখা গিয়েছিল। এদিন মেহেদী হাসান মিরাজের সঙ্গে মেজাজ হারিয়েছিলেন মিচেল স্টার্ক। তবে সেখানে কী হয়েছিল, তা নিয়ে ধোঁয়াশায় ছিলেন টাইগার ক্রীড়াপ্রেমীরা। এবার তৃতীয় দিন (১৫ আগস্ট) শেষে বিষয়টি খোলাসা করেছেন টাইগার এই অলরাউন্ডার।

মিরাজের ভাষ্যমতে, 'ব্যাটিং করার পর সামনে চলে এসেছিল সে (স্টার্ক), আমিও আবার বলটা দেখতে পারিনি। তো উইকেটের ভেতর থেকে রানটা নিয়েছিলাম। এটা ক্রিকেট খেলার মাঠে হতে পারে। আজ সকালে ও আমার সঙ্গে কথা বলেছে এবং গতকাল যা হয়েছে, ও বলেছে, “না, ঠিক আছে। এটা আমারও ভুল হয়েছে। তবে ঠিক আছে, সব ঠিক আছে।”

দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে ঘটনাটি ঘটেছিল। স্টার্কের ওই ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান মিরাজ। পরের টানা তিনটি বলই ডট হয়। পঞ্চম বলে সিঙ্গেল নেন মিরাজ। এ সময়ে তাকিয়ে তাকিয়ে বলের অবস্থান দেখছিলেন স্টার্ক। আর রান নেওয়ার সময়ে এই পেসারের সামনে দিয়ে চলে যান মিরাজ। পরে পাশ কাটিয়ে রান পূর্ণ করেন। 

যদিও নিয়ম অনুযায়ী, বোলারের রান-আপ ও ফলো-থ্রুর মতো পিচের মাঝের অংশ বাদ দিয়ে দৌড়ানোর কথা ব্যাটারদের। কিন্তু মিরাজ সেটা মানেননি। বিষয়টি নজর এড়ায়নি আম্পায়ার ধর্মসেনারও। এ নিয়ে সঙ্গে সঙ্গেই মিরাজকে সতর্ক করেন তিনিও।

বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি দেখতে পারেনি।’ এ সময় মেজাজ হারিয়ে মিরাজের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন স্টার্ক। তিনি বলেন, ‘এটা আমার ফলো-থ্রু। উইকেট থেকে সরে দাঁড়াও।’ স্টার্ককে এ-ও মন্তব্য করতে শোনা যায়, ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’

এদিকে তৃতীয় দিন শেষে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছেন বাংলাদেশ। ৬৭ রানে পিছিয়ে থেকে ৬ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা। যদিও অজিদের দ্রুতই আটকে দেওয়ার পরিকল্পনা মিরাজের। 

মিরাজ বলেন, 'আমরা চেষ্টা করছি রানটা যতটা কমে আটকানো যায় এবং এই রানের মধ্যে যদি আরও তিন থেকে চারটা উইকেট নিতে পারি, তখন আমাদের জন্য সহজ হবে। হয়তো রানের লক্ষ্যও বেশি থাকবে না।'

এই অলরাউন্ডার বলেন, 'উইকেটটা এখনও ভালো আছে। আর আমরা আসলে ওইভাবে চিন্তা করছি না, আমরা চেষ্টা করছি ভালো জায়গায় বল করার জন্য। কারণ প্রত্যেকটা উইকেট নিতে গেলে কষ্ট করে বল করতে হবে। কারণ আমরা দেখছি যে উইকেটটা অতটা সহজ না, যে উইকেটগুলো আমরা পেয়েছি অনেক কষ্ট করেই নিতে হয়েছে।' 

সতীর্থদের প্রশংসায় মিরাজ বলেন, 'অবশ্যই, সবাই খুব ভালো ক্রিকেট খেলছে এবং সবাই সবার দায়িত্বটা নিচ্ছে, এটাই খুবই ভালো লাগছে এবং দল হিসেবে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি।'