ম্যাচ চলাকালে গার্লফ্রেন্ডকে মেসেজ, লাখ রুপি জরিমানা ভারতীয় ক্রিকেটারকে
ম্যাচ চলাকালে গার্লফ্রেন্ডকে মেসেজ পাঠানোর অভিযোগে ১ লাখ রুপি (১২৮,২৮৮ টাকা) জরিমানা করা হয়েছে ভারতের তামিলনাড়ুর ক্রিকেটারকে। খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের জন্য নির্ধারিত এলাকায় মোবাইল ফোন ব্যবহারের নিয়ম ভঙ্গ করায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট এ শাস্তি দিয়েছে। খবর এনডিটিভির
সাম্প্রতিক তামিলনাড়ু প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ওই ক্রিকেটার মোবাইল ফোন ব্যবহার করে গার্লফ্রেন্ডকে মেসেজ পাঠান। বিষয়টি তদন্তে উঠে আসার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার পিটিআইকে বলেন, ‘তদন্ত চলমান থাকায় আমরা খেলোয়াড়ের নাম প্রকাশ করছি না। শুধু এটুকু নিশ্চিত করতে পারি যে তিনি বাঁহাতি ব্যাটার এবং গত বছরের রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দুটি ফিফটি করেছেন।’
তিনি আরও বলেন, ‘ম্যাচ চলাকালে তাকে গার্লফ্রেন্ডকে মেসেজ পাঠাতে দেখা যায়। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনা হয়নি। তবে ম্যাচ চলাকালে পিএমওএ এলাকায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। তাই এটি নিয়ম ভঙ্গের শামিল।’
ওই ক্রিকেটারের জন্য শুরুতে আরও কঠোর শাস্তির কথা ভাবা হয়েছিল। এমনকি তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার বিষয়েও আলোচনা করেছিল টিএনসিএ। তবে অপরাধটি গুরুতর নয় বিবেচনায় শেষ পর্যন্ত ১ লাখ রুপি জরিমানা করেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত আইপিএলেও একই ধরনের ঘটনায় রাজস্থান রয়্যালসের ম্যানেজার ও বৈভব সূর্যবংশীর জন্য দলটির নিয়োগ করা অভিভাবক রোমি ভিন্দারকে ১ লাখ রুপি জরিমানা করা হয়েছিল। ম্যাচ চলাকালে দলের ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করায় তার বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়।