১৩ আগস্ট ২০২৬, ১৩:০৯

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ

বাংলাদেশ দল   © সংগৃহীত

অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর আগেই হাসান মাহমুদ বলে গিয়েছিলেন, অন্তত দুবার অস্ট্রেলিয়ায় ৫ উইকেট পেতে চান। এমনটা নাকি গল্পও করেছেন তিনি। এবার ডারউইনের মারারা স্টেডিয়ামে তার সেই কল্পনাই বাস্তবে রূপ পেল। তবে কেবল পাঁচ নয়, বরং ৬ উইকেট তুলে নিয়ে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রত্যাবর্তনের বার্তাটা শক্তভাবেই দিলেন এই পেসার। অজিদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট হাসানের ক্যারিয়ারসেরা বোলিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে লাল-সবুজের কোনো বোলারের সেরা বোলিং ফিগারও এখন এটি।

এই ইনিংসে রীতিমতো আগুন ঝরিয়েছেন বাংলাদেশের হাসান-তাসকিন ও এবাদত ত্রয়ী। এতে মাত্র ৫৩ ওভারেই গুঁড়িয়ে গিয়েছে স্বাগতিকদের ব্যাটিং-অর্ডার। দুইশ পেরোনোর আগেই ১৯৮ রানে থেমেছে অজিরা।

এর আগে আরও দুই বাংলাদেশি ফাইফার পেয়েছেন। তবে সেগুলো বাংলাদেশের মাটিতেই পেয়েছেন। এর মধ্যে ২০০৬ সালে ফতুল্লায় মোহাম্মদ রফিক এবং ২০১৭ সালে মিরপুরে সাকিব আল হাসান দু'বার এই মাইলফলক ছুঁয়েছেন। এবার তালিকায় নাম লেখালেন হাসান।

এ ছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে আরেক কীর্তি গড়েছেন টাইগার এই পেসার। এ নিয়ে প্রতিপক্ষের মাটিতে তৃতীয়বারের মতো ফাইফারের নজির গড়লেন তিনি। এর আগে, ভারত ও পাকিস্তানে ৫ উইকেট পেয়েছিলেন হাসান। 

টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে ৫ উইকেটের কীর্তি

৬/৫৫ — হাসান মাহমুদ, ডারউইন, ২০২৬
৫/৬২ — মোহাম্মদ রফিক, ফতুল্লা, ২০০৬
৫/৬৮ — সাকিব আল হাসান, মিরপুর, ২০১৭
৫/৮৫ — সাকিব আল হাসান, মিরপুর, ২০১৭

টেস্টে বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৫ উইকেটের কীর্তি

৪ বার — শাহাদাত হোসেন (৩৮ ম্যাচ)
৩ বার — হাসান মাহমুদ (১৫ ম্যাচ)*
২ বার — রুবেল ইসলাম (৯ ম্যাচ)
২ বার — নাহিদ রানা (১২ ম্যাচ)