অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে আবারও টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ২০০৩ সালের পর দেশটিতে ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাট মাতানো হয়নি লাল-সবুজ শিবিরের। দীর্ঘ বিরতির পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
এদিকে দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ফেরার এই সিরিজে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের সামনে ব্যক্তিগত মাইলফলক স্পর্শের সুযোগ অপেক্ষা করছে। প্রায় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে ১০৩ ম্যাচের ১৯০ ইনিংসে ৬ হাজার ৮০৬ রান করেছেন উইকেটকিপার এই ব্যাটার। একই সময়ে ১৪টি সেঞ্চুরি ও ২৯টি হাফসেঞ্চুরিও ছুঁয়েছেন মুশি।
এবার অজিদের বিপক্ষে এই সিরিজে ১৯৪ রান করতে পারলেই লাল-সবুজের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে প্রয়োজনীয় রান করতে পারলে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দেশের ক্রিকেটেও নতুন ইতিহাস গড়বেন তিনি। তবে অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে ব্যাটিং করে এই মাইলফলকে পৌঁছানো মুশফিকের জন্য সহজ হবে না, এটাও ভালো করেই জানেন অভিজ্ঞ এই ব্যাটার।