বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী
ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্ভাব্য সাদা বলের সিরিজ নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। বাংলাদেশ সফর নিয়ে এখনও সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও এই সিরিজটি এখন আর দুই দেশের বোর্ডের আলোচনার টেবিলে নেই। বরং সিরিজটির বল এখন দেশ দুটির সরকারের কোর্টে।
গত কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন নিয়ে আলোচনা করছে দুই দেশের শীর্ষ পর্যায়। সম্প্রতি এই সিরিজ প্রসঙ্গে নিজেদের মধ্যে আলোচনা সেরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুই দেশের এই আলোচনার বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অবহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও। এ ছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারেরও সাক্ষাৎ হয়েছে।
এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন, ‘ভারতের হাই-কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে, তারাও খুব আশাবাদী। গত বিশ্বকাপ থেকে যে দোটানা তৈরি হয়েছে, তা খুব দ্রুতই সমাধান করতে পারব। এখন পর্যন্ত আশাবাদী, বাংলাদেশ-ভারত সিরিজটি দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আলোচনা হয়েছে, এর মাধ্যমে সমাধান করে ফেলতে পারব।’
দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে জানিয়ে আমিনুল বলেন, ‘আমরা বিষয়টি দ্রুত সমাধান করতে চাই। আমি আশা করি, স্পোর্টসের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখব। যে দোটানা তৈরি হয়েছে, তা স্মুথলি রান করতে চাই।’
তিনি যোগ করেন, ‘আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললাম। তিনি অত্যন্ত আশাবাদী। তিনি ইতোমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। খুব ইতিবাচকভাবে তিনি বলেছেন, আমরা দ্রুতই ভারত-বাংলাদেশ সিরিজ, কীভাবে দ্রুত খেলার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি...।’
অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের সমালোচনা করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘গত বিশ্বকাপকে কেন্দ্র করে বিগত সরকার যে হটকারি সিদ্ধান্ত নিয়েছে, হঠাৎ করে বিশ্বকাপ খেলতে না যাওয়া, একজন স্পোর্টসম্যান হিসেবে আমি মেনে নিতে পারি না। এটা সঠিক হয়নি। এটাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যে দোটানা তৈরি হয়েছে… আমি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারাও ভারতীয় হাইকমিশন থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন।’
উল্লেখ্য, বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, পূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে আগামী ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতের। আর ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে সিরিজ হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ৯ থেকে ১২ সেপ্টেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির।
ভারতের সূচিতেও এই সিরিজের জন্য একটি সম্ভাব্য উইন্ডো রাখা হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ ২৭ আগস্ট শেষ হওয়ার পর বাংলাদেশ সফরের সুযোগ রয়েছে ম্যান ইন ব্লু’দের। তবে ভারত সরকারের অনুমোদন না পাওয়া পর্যন্ত এই সূচি কার্যকর হওয়ার কোনো নিশ্চয়তা নেই।
শেষ পর্যন্ত ভারতীয় দলের বাংলাদেশ সফর হবে কি না, তা নির্ভর করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। সরকারি সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত এই সিরিজটি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিচ্ছে না বিসিসিআই।