০৮ আগস্ট ২০২৬, ১৬:৩৬

তাইজুলকে নিয়ে স্বস্তি

তাইজুল ইসলাম  © সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার আগে সেখানে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচেই চোট পেয়েছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। কোরি রকিচেলির বলে লেগ বিফোর উইকেট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ১৫ বলে ১০ রান করেছিলেন তাইজুল। ওই ইনিংসে ব্যাটিংয়ের সময়ই আঙুলে চোট পান তাইজুল। এতে সিরিজের প্রথম ম্যাচে তার সার্ভিস পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। 

যদিও চোট নিয়েই ব্যাটিং চালিয়ে গিয়েছিলেন তাইজুল। তবে চোটের কারণে বোলিংয়ে ফেরা হয়ে উঠেনি তার। তার বদলি হিসেবে বাকি ইনিংসে বোলিং করেছেন  মুশফিক হাসান। তবে দ্রুতই কাটল সেই শঙ্কার মেঘ। তাইজুলের আঙুলের বর্তমান পরিস্থিতি ও চোট কতটা গুরুতর, তা জানিয়েছেন দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। 

তিনি বলেছেন, ‘তাইজুল ইসলাম ব্যাটিং করার সময় বোলিং ফিঙ্গারে ব্যথা পান। তারপর থেকে ওটাকে আমরা ব্যান্ডেজ করে রেখেছিলাম। গতকাল পুরোদিন বিশ্রামে ছিলেন। আবারও পর্যবেক্ষণ করা হয়েছে। ফোলা এবং ব্যথা কমে গিয়েছে। আশা করছি, প্রথম টেস্টের আগে ফিট হয়ে যাবে।’

উল্লেখ্য, উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ আগস্ট, ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজের আগে প্রস্তুতিটা মোটেও ভালো হলো না বাংলাদেশের। ব্যাটারদের চরম ব্যর্থতায় ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।