০৬ আগস্ট ২০২৬, ১৫:২৯

সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় একার লড়াইয়ে সেঞ্চুরি মিরাজের

সেঞ্চুরির পর মিরাজের উদযাপন   © সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ধসে পড়েছিল বাংলাদেশ। তবে সেই বিপর্যয়ের মাঝেই ব্যাট হাতে প্রতিরোধ গড়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন মেহেদী হাসান মিরাজ। তার অপরাজিত ১০৯ রানের ইনিংসে ভর করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬৩ রান করেছে বাংলাদেশ।

এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। দলের হয়ে মিরাজ ছাড়া কেবল শান্ত (৩৭) ও সাদমান ইসলাম (৩১) ২০ রানের গণ্ডি পেরোতে পেরেছেন।

দলীয় ১১০ রানেই ৬ উইকেট হারিয়ে বড় চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দায়িত্ব কাঁধে তুলে নেন মিরাজ। সাত নম্বরে নেমে ১৪১ বলে অপরাজিত ১০৯ রান করেন এই অলরাউন্ডার। ১২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করা তার ইনিংসে ১১ চার ও ৪ ছক্কা ছিল। টেস্টের পর ফার্স্ট ক্লাস ক্রিকেটে মিরাজের প্রথম সেঞ্চুরি এটি।

স্বাগতিকদের হয়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান স্পিনার কোরি রকিচ্চলি। একাই ৬ উইকেট শিকার করে টাইগারদের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান তিনি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের আগুনঝড়া বোলিংয়ে মাত্র ১ রান তুলতেই দুই ওপেনার স্যাম কনস্টাস (১) ও ক্যাম্পবেল কেলাওয়ে (০) সাজঘরে ফেরেন।

পরে জুটি গড়ে স্বাগতিকদের ইনিংস সামাল দেন জশ ফিলিপ ও অধিনায়ক কার্টিস পিটারসন। প্রথম দিনের খেলা শেষে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ফিলিপ ২২ ও পিটারসন ২৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৭৫.৫ ওভারে ২৬৩ (সাদমান ৩১, তানজিদ ০, মুমিনুল ১৬, শান্ত ৩৭, মুশফিক ০, অমিত ১৫, মিরাজ ১০৯*, সৌম্য ১৬, তাইজুল ১০, হাসান ৪, খালেদ ১৫; জ্যাকবস ১২-৪-২৮-১, থমসন ১০-০-২৬-১, ক্রোন ১১-৩-৪৮-১, রকিচ্চলি ২৪-৫-৮৩-৬, মেনজিস ১০-১-৪৫-০, ওয়াদিয়া ৮.৫-২-২৬-১)।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ প্রথম ইনিংস: ১২ ওভারে ৫১/২ (কনস্টাস ১, কেলাওয়ে ০, পিটারসন ২৬*, ফিলিপ ২২*; তাসকিন ৪-০-২৪-১, হাসান ৪-২-৪-১, খালেদ ২-০-১১-০, ইবাদত ২-০-১১-০,)।