ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ক্যারিয়ারে যুক্ত হলো আরও একটি বড় অর্জন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার পর এবার দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা এসএ২০-তে খেলার সুযোগ পেয়েছেন তিনি। সরাসরি চুক্তির মাধ্যমে রিশাদকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।
ফ্র্যাঞ্চাইজিটি ইতোমধ্যে রিশাদের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। দলটির কোচিং স্টাফে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই রিশাদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ। সন্তুষ্ট হয়েই আসন্ন মৌসুমের জন্য বাংলাদেশি এই লেগ স্পিনারকে স্কোয়াডে জায়গা দিয়েছে তারা।
এসএ২০-তে মাঠে নামতে পারলে ইতিহাসও গড়বেন রিশাদ। তিনিই হবেন এই টুর্নামেন্টে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার। এর আগে গত মৌসুমে তাইজুল ইসলাম একটি দলের সঙ্গে যুক্ত হলেও শেষ পর্যন্ত একাদশে সুযোগ পাননি।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও ধারাবাহিকভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন রিশাদ। সেই ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার দক্ষিণ আফ্রিকার অন্যতম মর্যাদাপূর্ণ টি-টোয়েন্টি লিগে সুযোগ পেলেন তিনি।
আগামী ৯ জানুয়ারি পর্দা উঠবে এসএ২০-এর নতুন মৌসুমের। প্রায় এক মাসব্যাপী এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি।