টপ এন্ড টি-টোয়েন্টির সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে, কখন
অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’-এর চতুর্থ আসরের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে ৯ দল নিয়ে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে সূচি ঘোষণার পর সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে পাকিস্তান শাহিনসের অনুপস্থিতি।
গত তিন আসরেই নিয়মিত অংশ নেওয়া পাকিস্তান শাহিনস এবার টুর্নামেন্টে জায়গা পায়নি। অথচ আগের তিন সংস্করণেই দলটি ছিল অন্যতম সফল। ২০২৩ সালে অভিষেক আসরেই রানার্সআপ হয় শাহিনস। পরের বছর সেমিফাইনালে ওঠার পর সর্বশেষ আসরেও মোহাম্মদ ইরফান খানের নেতৃত্বে শেষ চারে জায়গা করে নিয়েছিল তারা।
এবারের আসরে ক্রিকেট ভিক্টোরিয়া, হোবার্ট হারিকেনস, এইচএইচ কিংসমেন, এসিটি কমেটস, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, নিউজিল্যান্ড ‘এ’, অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, নেপাল এবং বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল অংশ নিচ্ছে।
আগামী ২১ আগস্ট ক্রিকেট ভিক্টোরিয়া ও হোবার্ট হারিকেনসের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। বাংলাদেশ হাই-পারফরম্যান্স দল তাদের প্রথম ম্যাচ খেলবে ২২ আগস্ট নেপালের বিপক্ষে। গ্রুপ পর্বে মোট ৬টি ম্যাচ খেলবে তারা। ৩০ আগস্ট দুই সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে শেষ হবে এবারের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ এইচপি দলের গ্রুপ পর্বের ম্যাচসূচি:
২২ আগস্ট (শনিবার): বাংলাদেশ এইচপি বনাম নেপাল (টিআইও স্টেডিয়াম, দুপুর ২:৩০ মিনিট)
২৩ আগস্ট (রবিবার): বাংলাদেশ এইচপি বনাম হোবার্ট হারিকেনস (টিআইও স্টেডিয়াম, দুপুর ১:৩০ মিনিট)
২৪ আগস্ট (সোমবার): বাংলাদেশ এইচপি বনাম ভিক্টোরিয়া (ডিএক্সসি অ্যারেনা-২, সকাল ১০:৫০ মিনিট)
২৫ আগস্ট (মঙ্গলবার): বাংলাদেশ এইচপি বনাম অ্যাডিলেড স্টাইকার্স একাডেমি (ডিএক্সসি অ্যারেনা-১, ৩:৩০ মিনিট)
২৭ আগস্ট (বৃহস্পতিবার): বাংলাদেশ এইচপি বনাম নিউজিল্যান্ড ‘এ’ (ডিএক্সসি অ্যারেনা-১, দুপুর ১:৩০ মিনিট)
২৮ আগস্ট (শুক্রবার): বাংলাদেশ এইচপি বনাম নর্দার্ন টেরিটরি (এনটি) স্ট্রাইক (ডিএক্সসি অ্যারেনা-১, দুপুর ১:৩০ মিনিট)
নকআউট পর্ব (৩০ আগস্ট, রবিবার):
প্রথম সেমিফাইনাল (২য় বনাম ৩য় দল): গার্ডেনস ওভাল, সকাল ৬:৩০ মিনিট
দ্বিতীয় সেমিফাইনাল (১ম বনাম ৪র্থ দল): ডিএক্সসি অ্যারেনা-১, সকাল ৭:০০ মিনিট
গ্র্যান্ড ফাইনাল: ডিএক্সসি অ্যারেনা-১, দুপুর ১২:৩০ মিনিট