০৫ আগস্ট ২০২৬, ১৮:১০

ব্রিটিশ নাগরিকত্ব পেলেন আমির, নেপথ্যে কি আইপিএলে খেলা

আমির   © টিডিসি ছবি

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর থেকেই তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের নিষেধাজ্ঞা থাকায়, এখন তিনি আইপিএলে খেলতে পারবেন কি না—এ প্রশ্নই সবচেয়ে বেশি আলোচনায়। তবে এই জল্পনায় আপাতত ইতি টেনেছেন আমির নিজেই। তিনি জানিয়েছেন, আইপিএলে খেলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

বর্তমানে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ ট্রেন্ট রকেটসের হয়ে খেলছেন ৩৪ বছর বয়সী এই পেসার। টুর্নামেন্ট চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘২০২৭ সালে পিএসএলে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলব। আইপিএলে খেলব কি না, সেটা এখনও ঠিক করিনি।’

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার ফলে বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ আরও বেড়েছে আমিরের। ইতোমধ্যে তিনি ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলেছেন। পরে ট্রেন্ট রকেটসও তাকে ‘দ্য হান্ড্রেড’-এ দেশীয় ক্রিকেটার হিসেবেই দলে নিয়েছে। ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এখন তিনি আর বিদেশি কোটার খেলোয়াড় নন।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে ২০০৮ সালের পর থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ বন্ধ রয়েছে। তাই ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আমিরের আইপিএল খেলার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

ম্যাচ গড়াপেটাসহ বিভিন্ন বিতর্কের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে একসময় ব্যাপক আলোচিত ছিলেন মোহাম্মদ আমির। জাতীয় দলে দীর্ঘ সময় অনিয়মিত থাকার পর এখন তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি মনোযোগ দিচ্ছেন। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার ফলে তার ক্যারিয়ারে নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। তবে আইপিএলে তাকে দেখা যাবে কি না, সে প্রশ্নের উত্তর আপাতত ভবিষ্যতের জন্যই রেখে দিয়েছেন এই পাকিস্তানি পেসার।