মালয়েশিয়ার বিপক্ষে চমক রেখে দল ঘোষণা বিসিবির
সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। এই সফরকে সামনে রেখে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত এই দলে সাব্বির রহমান রোমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গফ্ফার সাকলাইয়েন মতো অভিজ্ঞরা ডাক পেয়েছেন। ১৫ সদস্যের এই দলকে মেহেরব হাসান নেতৃত্ব দেবেন।
দুটি সিরিজ খেলতে আগামী বুধবার (৫ আগস্ট) বাংলাদেশে পৌঁছাবে মালয়েশিয়া। সফরে প্রথমে বাংলাদেশ এইচপি ইউনিটের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ ও ১০ আগস্ট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ দুটি।
টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মালয়েশিয়া। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
বাংলাদেশ দল: জিশান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহেরব হাসান (অধিনায়ক), মো. সাব্বির রহমান রোমান, আরিফুল ইসলাম, মো. শামীম হোসাইন, মো. রুবেল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, মো. আব্দুল গফ্ফার, আবু হায়দার রনি, মো. স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।