০৪ আগস্ট ২০২৬, ১১:১০

প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার

আকিব নবী   © সংগৃহীত

ভারতের টেস্ট দলে প্রথমবারের মতো জায়গা পেলেন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবী। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে চোটের কারণে জাসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ায় তার পরিবর্তে ২৯ বছর বয়সী এই ডানহাতি পেসারকে দলে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একাদশে সুযোগ পেলে জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে টেস্ট খেলার ইতিহাস গড়বেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন আকিব। রঞ্জি ট্রফির শেষ দুই মৌসুমে তিনি মোট ১০৪টি উইকেট শিকার করেছেন। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই নিয়েছেন ৬০টি উইকেট, যা জম্মু ও কাশ্মীরকে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শুধু ঘরোয়া ক্রিকেট নয়, সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও নজর কেড়েছেন আকিব। দুই ম্যাচের প্রথম শ্রেণির সিরিজে তিনি ৬টি উইকেট নিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেন। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন তিনি।

অন্যদিকে, ভারতের প্রধান পেসার জাসপ্রীত বুমরাহ হাঁটুর চোটের কারণে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাঁ হাঁটুতে চোট পান তিনি। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকেও চোটের সমস্যায় ভুগছিলেন এই তারকা পেসার।

বুমরাহর অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। তাদের সঙ্গে নতুন মুখ হিসেবে থাকবেন আকিব নবী। এই সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকবেন জম্মু ও কাশ্মীরের এই পেসার।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৫ আগস্ট গলে। সিরিজ শুরুর আগে ৭ আগস্ট থেকে কলম্বোয় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।

শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টেস্ট দল:

শুবমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, রিশাভ পন্ত, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, দেবদত্ত পাডিক্কেল, সারাংশ জৈইন ও আকিব নবী।